শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর, শাখাপ্রতি শিক্ষার্থী সর্বোচ্চ ৫৫
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর, শাখাপ্রতি শিক্ষার্থী সর্বোচ্চ ৫৫

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর, শাখাপ্রতি শিক্ষার্থী সর্বোচ্চ ৫৫
ছবি সংগৃহীত।

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিশুর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে। তবে সাত বছর পূর্ণ হলে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া যাবে না। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া প্রতিটি শ্রেণির প্রতি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।

বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নীতিমালা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিশুর বয়স ছয় বছর বা তার বেশি এবং সাত বছরের কম হতে হবে। সে হিসাবে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। বয়স প্রমাণের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে। তবে এ সুবিধা পেতে সংশ্লিষ্ট শিক্ষার্থীর প্রয়োজনীয় প্রমাণপত্র থাকতে হবে।
নীতিমালায় বলা হয়েছে, প্রতিটি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখা যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের আসনসংখ্যা বিবেচনায় নিয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন শ্রেণির শূন্য আসনের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করবে।

এ ছাড়া শিক্ষাবর্ষ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ভর্তি কার্যক্রমের ক্ষেত্রে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত শূন্য আসনের বাইরে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। আসনসংখ্যা নির্ধারণ ও ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ভর্তি কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।




স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা

স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা
ছবি সংগৃহীত।

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে ভর্তি হতে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এ ছাড়া ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। বাকি ২০ শতাংশ আসনে অন্যান্য এলাকার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থী ভর্তির নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা জারি করেছে।




ইউরোপে ফুল স্কলারশিপে মাস্টার্স, সুযোগ বাংলাদেশিদেরও

ইউরোপে ফুল স্কলারশিপে মাস্টার্স, সুযোগ বাংলাদেশিদেরও
ছবি সংগৃহীত।

ইউরোপে সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্স করার নতুন সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইরাসমাস মুন্ডাস কর্মসূচির আওতায় ৩৭টি নতুন যৌথ মাস্টার্স প্রোগ্রাম নির্বাচন করা হয়েছে।

এসব প্রোগ্রামে মেধার ভিত্তিতে ফুল স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকবে।
ইউরোপীয় কমিশন গত ১৬ জুলাই নতুন কর্মসূচিগুলো নির্বাচনের ঘোষণা দেয়।

২০২৭ সালের সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া কোর্সগুলোর জন্য ২০২৬ সালের শরৎকাল থেকে আবেদন গ্রহণের কথা জানানো হয়েছে। তবে প্রতিটি কোর্সের আবেদনের সময়সীমা আলাদা।
নতুন কোর্সগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর প্রযুক্তি, মেডিকেল ইমেজ অ্যানালাইসিস, অ্যানিমেশন, পানি ও পরিবেশ ব্যবস্থাপনা, ন্যানো-ইঞ্জিনিয়ারিং এবং সংক্রামক রোগসহ বিভিন্ন বিষয়।

অন্যদিকে ইরাসমাস মুন্ডাসের বিদ্যমান ‘ইউরোকালচার জয়েন্ট মাস্টার’ কর্মসূচিতে ২০২৭–২৯ শিক্ষাবর্ষের জন্য ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে।

এই কোর্সে ফুল স্কলারশিপের আবেদন করা যাবে ১৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।
কী কী সুবিধা পাওয়া যাবে
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে পড়াশোনার খরচের পাশাপাশি ভ্রমণ, ভিসা ও জীবনযাত্রার জন্য আর্থিক সহায়তা পাওয়া যায়। সাধারণভাবে নির্বাচিত শিক্ষার্থীরা মাসে ১ হাজার ৪০০ ইউরো ভাতা পান। দুই বছরের কোর্সে মোট ভাতার পরিমাণ দাঁড়ায় ৩৩ হাজার ৬০০ ইউরো।

ইউরোকালচার স্কলারশিপে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, স্বাস্থ্যবিমা এবং ২৪ মাস ধরে মাসিক ১ হাজার ৪০০ ইউরো ভাতা দেওয়া হবে।

তবে সব কোর্সে একই ধরনের স্কলারশিপ বা আবেদনের সময়সীমা নেই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই বৃত্তি নিশ্চিত হবে না।

কারা আবেদন করতে পারবেন
বাংলাদেশি শিক্ষার্থীরা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলে আবেদন করতে পারবেন। সাধারণ ইরাসমাস মুন্ডাস কর্মসূচির কিছু কোর্সে স্নাতকের শেষ বর্ষের শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পান।

তবে ইউরোকালচার স্কলারশিপের জন্য ২০২৭ সালের ১৫ জানুয়ারির মধ্যেই স্নাতক ডিগ্রি সম্পন্ন করার প্রমাণ থাকতে হবে।

ইউরোকালচার মূলত আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, সংস্কৃতি, গণযোগাযোগ, গণমাধ্যম ও সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য উপযোগী।

আইইএলটিএস কি লাগবে
ইউরোকালচারে আইইএলটিএস একাডেমিকে ন্যূনতম ৬ দশমিক ৫ স্কোর প্রয়োজন। প্রতিটি অংশেও অন্তত ৬ দশমিক ৫ থাকতে হবে। তবে অনুমোদিত বিকল্প ইংরেজি পরীক্ষা গ্রহণ করা হয়।

স্নাতক বা স্নাতকোত্তর সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে শেষ করা শিক্ষার্থীরা প্রয়োজনীয় প্রমাণ দেখিয়ে ভাষা পরীক্ষায় ছাড় পেতে পারেন।

কীভাবে আবেদন করবেন
ইরাসমাস মুন্ডাসের জন্য একটি অভিন্ন আবেদন পোর্টাল নেই। শিক্ষার্থীদের পছন্দের কোর্সের ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে হবে।

ইউরোকালচারের ক্ষেত্রে শিক্ষাগত সনদ, ট্রান্সক্রিপ্ট, সিভি, ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ এবং অন্তত ২ হাজার শব্দের একাডেমিক লেখার নমুনা প্রয়োজন। পাশাপাশি দুজন সুপারিশকারীর যোগাযোগের তথ্য দিতে হবে। আবেদন ফি নেই।

ইউরোকালচার স্কলারশিপের ফল ২০২৭ সালের মার্চের শেষ নাগাদ জানানোর কথা রয়েছে।


ইউরোকালচারের আবেদন ও নির্দেশনা: https://www.euroculturemaster.eu/application-procedure




বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা
ছবি সংগৃহীত।

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মাঠে নির্মিত বাণিজ্য মেলার প্রধান অস্থায়ী ফটক ভেঙে কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে ফটক ভাঙার কাজ শেষ করে তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিরে যান।

এর আগে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মাঠে প্রবেশ করে মেলার বিভিন্ন স্থাপনা ভাঙচুর শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসা দুটি ট্র্যাক্টর ব্যবহার করে স্থাপনাগুলো ভাঙা হয়। এক পর্যায়ে মেলার প্রধান অস্থায়ী ফটকটিও ভেঙে ফেলেন তারা।

বিশ্ববিদ্যালয়ের মাঠ নিজেদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠে বাণিজ্য মেলা বা অন্য কোনো বাণিজ্যিক আয়োজন করা যাবে না। মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলা, শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের জন্য ফিরিয়ে দিতে হবে।

শিক্ষার্থীদের আরও দাবি, মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিল করতে হবে। পাশাপাশি কৃষি গবেষণার জন্য মাঠটি ব্যবহার উপযোগী করতে হবে এবং সেখানে কোনো স্থায়ী বা অস্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না।

এর আগে গত ২৭ অক্টোবর মাঠে মাটি পরীক্ষার কাজ শুরু হলে শিক্ষার্থীরা বাধা দেন। এ সময় পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান তারা। পরদিন ২৮ অক্টোবর বাণিজ্য মেলার প্রধান প্রবেশ গেটসহ বিভিন্ন অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেন শিক্ষার্থীরা।

এ ছাড়া মাঠ উদ্ধারের দাবিতে কয়েক দফায় সড়ক অবরোধ করেন তারা। সর্বশেষ গত ১ নভেম্বর চীন মৈত্রী সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়।