শারদীয় দুর্গোৎসবে বৈষম্যহীন ও শান্তিময় সমাজ গড়ার আহ্বান স্পিকারের

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
উৎসবের এই পুণ্য লগ্নে তিনি বৈষম্যহীন, শান্তিময় এবং সুদৃঢ় সামাজিক সংহতিতে সমৃদ্ধ এক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদ বলেন, শারদপ্রাতের উদ্ভাসিত আলোয় আশ্বিনের শেষভাগে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশসহ সারাবিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় এই শারদীয় উৎসব উপলক্ষ্যে তিনি দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানান।
তিনি উল্লেখ করেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশে ধর্মীয় সম্প্রীতির এক বিশাল উৎসবের আবহ তৈরি হয়। এই উৎসবের মধ্য দিয়ে সমাজে বিরাজমান যে–কোনো ধরনের বৈষম্য ও অবিচারের অন্ধকার কেটে যাবে এবং সর্বত্র সাম্য, মৈত্রী ও সৌহার্দ্যের এক নতুন ভোরের উদয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে, শাশ্বত বাংলার আবহমানকালের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য সর্বদা অক্ষুণ্ন থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
স্পিকার শুভেচ্ছা জানিয়ে বলেন, উৎসবের এই দিনগুলো মানুষের জীবনে অফুরন্ত প্রেরণা বয়ে আনুক এবং আগামী দিনগুলোকে আরও বেশি সাফল্যমণ্ডিত ও উৎসবমুখর করে তুলুক। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় আমাদের বহুমাত্রিক সমাজ এবং জীবনবোধ সমৃদ্ধ হয়ে উঠুক। তিনি প্রত্যাশা প্রকাশ করেন যে, ধর্মীয়, সাংস্কৃতিক কিংবা সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই পরিস্ফুটিত হবে বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ববোধ।
সামাজিক সংহতি ও ধর্মীয় সম্প্রীতির এই মহান চেতনাকে বুকে ধারণ করে সবাই মিলে একটি সুন্দর, শান্তিময় ও বৈষম্যহীন দেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এবং উৎসবের অনাবিল আনন্দ যেন সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন স্পিকার।









