লোহাগাড়ায় নবজাতক ও শিশু চিকিৎসায় চালু ৩ বিশেষায়িত ইউনিট
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

লোহাগাড়ায় নবজাতক ও শিশু চিকিৎসায় চালু ৩ বিশেষায়িত ইউনিট

লোহাগাড়ায় নবজাতক ও শিশু চিকিৎসায় চালু ৩ বিশেষায়িত ইউনিট
ছবি সংগৃহীত।

লোহাগাড়ায় নবজাতক ও শিশুদের চিকিৎসাসেবায় নতুন সংযোজন হিসেবে তিনটি বিশেষায়িত ইউনিট চালু করেছে সাউন্ড হেলথ হাসপাতাল। এর মাধ্যমে জটিল ও সংকটাপন্ন নবজাতক এবং শিশুদের স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নতুন তিনটি বিশেষায়িত ইউনিটের উদ্বোধন করা হয়। 

ডা: মো. ইশতিয়াক আহমেদ ও ডা. নুসরাত জাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাউন্ড হেলথ হাসপাতাল পরিচালনা কমিটির চেয়ারম্যান ডা. এ.জে.এম সাদেক, ভাইস-চেয়ারম্যান  ডা. মাহমুদুর রহমান, ডা মোহাম্মদ ইছমাঈল, নির্বাহী পরিচালক ডা. জামাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ডা. একরাম হোসেন, ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন, ডা. মোহাম্মদ আলী প্রমূখ।

বক্তারা বলেন, নবজাতক ও শিশুদের জটিল রোগের চিকিৎসায় দ্রুত ও বিশেষায়িত সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোহাগাড়া ও আশপাশের এলাকার অনেক রোগীকে এতদিন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীতে যেতে হতো। স্থানীয়ভাবে বিশেষায়িত ইউনিট চালু হওয়ায় জরুরি মুহূর্তে রোগীরা দ্রুত চিকিৎসার আওতায় আসতে পারবেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নবজাতক ও শিশুদের চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে নতুন তিনটি ইউনিট চালু করা হয়েছে। এসব ইউনিটে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেবা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে রোগীদের চিকিৎসা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, নবজাতক ও শিশুদের জটিল চিকিৎসাসেবা স্থানীয় পর্যায়ে নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। প্রয়োজনীয় চিকিৎসার জন্য যাতে রোগীদের দূর-দূরান্তে ছুটতে না হয়, সে লক্ষ্যেই এই বিশেষায়িত ইউনিটগুলো চালু করা হয়েছে।

এছাড়া স্থানীয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 




আানোয়ারায় এসএসসি’তে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আানোয়ারায় এসএসসি’তে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ছবি সংগৃহীত।

আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন বহুমূখী উচ্চ বিদ্যালয়, সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয় ও কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ সালে জিপিএ-৫ ও জিপিএ-৪ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কৈনপুরা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্থানীয় যুবদল নেতা ও চাতরী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুল কবির রানা’র পৃষ্ঠপোষকতায় ৯১ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা যুবদল নেতা ও অনুষ্ঠানের আয়োজক এডভোকেট নুরুল কবির রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈনপুরা ওয়ার্ডের ইউপি সদস্য নিতাই চন্দ্র দে, কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মিলন কান্তিশীল, সাংবাদিক নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ইমরান হোসেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন, চাতরী ইউনিয়ন  শ্রমিক দলের সভাপতি রমজান আলী, যুবদল নেতা সাইফুল, ছাত্রদল নেতা রাশেদ ইকবাল, মোঃ জিকু, শুভ দেবনাথ, জাকারিয়া, সিফাত, রায়হান, মারুফ, হামিদ অয়ন পাল, অমিত নাগ, নিসান নাথ প্রমূখ। 

পৃষ্ঠপোষক এডভোকেট নুরুল কবির রানা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও তাদের ভবিষ্যতের পরামর্শ হিসেবে এই সবর্ধনার আয়োজন করেছি। শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকদেরও সংবর্ধিত করেছি। তাদের লেখাপড়া চালিয়ে যেতে যেকোন সমস্যায় আমি তাদের অভিভাবকের মতো পাশে থাকব এবং সব ধরনের সহযোগিতা করব। এসব মেধাবী শিক্ষার্থীরাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়া এলাকার গরিব ও মেধাবী শিক্ষার্থীদেরও সব ধরনের সহযোগিতা করব।




লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

লোহাগাড়ায় যাত্রিবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরতর আহত মোহাম্মদ হারুন (ড্রাইভার) চিকিৎসাধীূন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় বলে জানান নিহতের স্বজনরা। তিনি উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা উত্তর-পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা।

এর আগে ১৭ সেপ্টেম্বর মাগরিবের পর লোহাগাড়ার আধুনগর খাঁস মহাল এলাকায় চজট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় ইউপি সদস্য শওকত ওসমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের ময়না তদন্ত শেষে দাফন কার্য সম্পন্ন হয়।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন চৌধূরী বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 




লোহাগাড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন

লোহাগাড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন
ছবি সংগৃহীত।

লোহাগাড়াসহ সারাদেশে বিদ্যুৎ বিপর্যয় ও ব্যবসায়িক ক্ষয়ক্ষতি নিরসনে জরুরি ভিত্তিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে লোহাগাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ব্যবসায়ী নজরুল ইসলাম, এনসিপির লোহাগাড়া উপজেলা শাখার সাবেক সদস্য সচিব রিদুয়ান রায়হান, ফ্রিল্যান্সার জাহেদুল ইসলাম ও তরুণ উদ্দোক্তা বোরহান উদ্দিন প্রমুখ

বক্তারা বলেন, লোহাগাড়ায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষুদ্র শিল্প ও অনলাইনভিত্তিক বিভিন্ন কার্যক্রমে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তারা আরও বলেন, বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সাময়িক ত্রুটি বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলে গ্রাহকদের আগাম অবহিত করা উচিত। পাশাপাশি অযৌক্তিক ও দীর্ঘস্থায়ী লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তারা লোহাগাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণ চিহ্নিত করে দ্রুত সমাধান এবং ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এছাড়া, জনদুর্ভোগ ও ব্যবসায়িক ক্ষতি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিয়ে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলেও বক্তারা ঘোষণা দেন।