লামায় সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

লামায় সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত

লামায় সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত
ছবি সংগৃহীত।

সরকারের উন্নয়ন কার্যক্রম ও জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বান্দরবানের লামায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) সকাল ১১টায় লামা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে তথ্য অফিস, লামার আয়োজনে ‘বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম বিষয়ক নারী সমাবেশ’ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সোমাইয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কাজী আশরাফ এবং আলীকদম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জুয়েল নূর খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাশেল।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সোমাইয়া আক্তার বলেন, “ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও সঠিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় নারী ও শিশুর অধিকার নিশ্চিত করার পাশাপাশি ছেলে ও মেয়ে সন্তানের মধ্যে বৈষম্য না করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, গুজব ও অপপ্রচার, ইভটিজিং, ধর্ষণ, বাল্যবিবাহ, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নৈতিকতা ও মূল্যবোধের চর্চা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, “জন্মনিবন্ধনসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন নাগরিক সেবা স্বল্প সময়ে গ্রহণের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে পরিষদের গ্রাম পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে।” কোনো নাগরিক সেবা গ্রহণে ভোগান্তির শিকার হলে ইউনিয়ন পরিষদের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাশেল ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম ও ডাবের খোসাসহ পানি জমতে পারে এমন পাত্র নিয়মিত পরিষ্কারের পরামর্শ দেন। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং ঘুমানোর সময় মশারি ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি জন্মের ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে শিশুর জন্মনিবন্ধন সম্পন্ন করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

তিনি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় এককালীন সর্বোচ্চ এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের সরকারি কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।

এ ছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে পাঁচ লাখ টাকা এবং গুরুতর আহত বা পঙ্গুত্ববরণকারী ব্যক্তিকে তিন লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের সুযোগের কথা তুলে ধরেন। এ সহায়তা পেতে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে আবেদন করার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নির্যাতনের শিকার দরিদ্র ও অসহায় ব্যক্তিদের নীরব না থেকে সরকারি লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তার সুযোগের ব্যাপারে সকলকে জানানো হয়।

সমাবেশে স্থানীয় নারী জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

উক্ত সমাবেশে সরকারের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত স্টিকার বিতরণ করা হয়।




পাহাড়ে ৭৮০ পরিবারের হাতে ২ লাখের বেশি ফলদ ও বনজ চারা বিতরণ

পাহাড়ে ৭৮০ পরিবারের হাতে ২ লাখের বেশি ফলদ ও বনজ চারা বিতরণ
ছবি সংগৃহীত।

পাহাড়ে কৃষকদের হাতে উন্নত জাতের ফলদ ও বনজ গাছের চারা। কারও হাতে নারিকেল, কারও হাতে আম কিংবা লিচুর চারা। বিনামূল্যে পাওয়া এসব চারা ঘিরে কৃষকদের চোখেমুখে স্বস্তি ও আশার ঝিলিক। পাহাড়ের মাটি ও জলবায়ুকে কাজে লাগিয়ে ফলদ ও বনজ বাগান গড়ে তোলার পাশাপাশি পরিবারের পুষ্টির চাহিদা পূরণ এবং বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন তাঁরা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলার সাতটি উপজেলার ৭৮০টি পরিবারের মধ্যে দুই লাখের বেশি ফলদ ও বনজ চারা-কলম বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বিতরণ করা চারার মধ্যে রয়েছে নারিকেল, সুপারি, আম (আম্রপালি), লিচু, মিষ্টি তেঁতুল, টক তেঁতুলসহ বিভিন্ন প্রজাতির বনজ চারা। শুধু চারা নয়, সেগুলোর সঠিক পরিচর্যা ও উৎপাদন নিশ্চিত করতে উপকারভোগীদের মধ্যে ইউরিয়া, টিএসপি, এমওপি, জৈব সার, কীটনাশক ও ছত্রাকনাশকও বিতরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা বাস্তবায়নে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনকে (বিএডিসি) উন্নত জাতের চারা ও কলম উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন দেশের ৮৩টি হর্টিকালচার সেন্টারকে উন্নত মান ও জাতের চারা-কলম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়।

এ কর্মসূচি বাস্তবায়নে অর্থবছরের শুরুতেই বান্দরবান পার্বত্য জেলা পরিষদ প্রয়োজনীয় চারা ও কলমের চাহিদা জানায়। সে অনুযায়ী বালাঘাটা হর্টিকালচার সেন্টারসহ দেশের বিভিন্ন হর্টিকালচার সেন্টার এবং বিএডিসি সরকারি মূল্যে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ চারা সরবরাহ করে। পরে জেলা পরিষদের সদস্যদের মাধ্যমে উপকারভোগীদের তালিকা তৈরি করে তাঁদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।

বালাঘাটা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক লিটন দেবনাথ জানান, এ বছর বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ চারার পাশাপাশি কৃষকদের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে উন্নত জাতের ৩ হাজার ৫০০টি নারিকেল চারাও বিতরণ করা হয়েছে।

বিনামূল্যে উন্নত জাতের চারা পেয়ে রুমা উপজেলার কৃষক লালথালানপিয়াং বম বলেন, “হর্টিকালচার সেন্টার থেকে পাওয়া উন্নত জাতের এসব চারা দ্রুত ফল দেবে বলে আশা করছি। বাড়ির চারপাশে চারা রোপণ করেছি। এসব গাছ থেকে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি ফল বিক্রি করে বাড়তি আয়ও করা সম্ভব হবে।”

বান্দরবান সদর উপজেলার কৃষক দিল চন্দ্র তংচংগ্যা বলেন, “একসঙ্গে ফলদ ও বনজ গাছের চারা পাওয়া আমাদের জন্য বড় প্রাপ্তি। এসব চারা রোপণের মাধ্যমে পরিবারের ভবিষ্যতের জন্য একটি স্থায়ী সঞ্চয় গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে।”

থানচি উপজেলার কৃষক মেনপয় ম্রো বলেন, “সরকারের এই উদ্যোগে চারা পেয়ে আমরা যেমন বাড়তি আয়ের পথ খুঁজে পাচ্ছি, তেমনি পাহাড়ের সবুজ প্রকৃতি রক্ষারও সুযোগ তৈরি হচ্ছে।”

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং বলেন, “সারা দেশের মতো সাম্প্রতিক সময়ে পাহাড়ি অঞ্চলেও গরমের তীব্রতা ও তাপমাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা জলবায়ু পরিবর্তনের স্পষ্ট প্রভাব। এ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

তিনি আরও বলেন, “ইতিমধ্যে বান্দরবান জেলায় ব্যাপকভাবে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। এসব চারার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা গেলে একদিকে পাহাড়ে সবুজ বনায়ন সম্প্রসারিত হবে, অন্যদিকে ফল উৎপাদনের মাধ্যমে কৃষকদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনের সুযোগ তৈরি হবে।”

পরিবেশবিদ ও কৃষিসংশ্লিষ্টদের মতে, পাহাড়ে পরিকল্পিতভাবে ফলদ ও বনজ বনায়ন সম্প্রসারণ করা গেলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। তবে শুধু চারা বিতরণ নয়, রোপণ-পরবর্তী পরিচর্যা, টিকে থাকার হার এবং ফলন পর্যবেক্ষণ নিশ্চিত করাই হবে এ কর্মসূচির প্রকৃত সাফল্যের মাপকাঠি।




বান্দরবান সদর সেনা জোনের উদ্যোগে বেতছড়া বাজার যুবসংঘকে ক্রীড়াসামগ্রী প্রদান

বান্দরবান সদর সেনা জোনের উদ্যোগে বেতছড়া বাজার যুবসংঘকে ক্রীড়াসামগ্রী প্রদান
ছবি সংগৃহীত।

পার্বত্য অঞ্চলের যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে বান্দরবানের বেতছড়া বাজার যুবসংঘের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর সেনা জোন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বান্দরবান সদর সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি-এর পক্ষ থেকে বেতছড়া আর্মি ক্যাম্পের আওতাধীন বেতছড়া বাজার এলাকার যুবকদের হাতে একটি ফুটবল ও এক সেট জার্সি তুলে দেওয়া হয়।

জোন কমান্ডারের পক্ষে বেতছড়া ক্যাম্প কমান্ডার স্থানীয় যুবকদের হাতে এসব ক্রীড়াসামগ্রী তুলে দেন। আসন্ন ফুটবল টুর্নামেন্টে যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা এবং নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

ক্রীড়াসামগ্রী পেয়ে বেতছড়া বাজার যুবসংঘের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও ক্রীড়াসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বান্দরবান সদর সেনা জোন স্থানীয় যুবসমাজের ইতিবাচক বিকাশ, পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রেখেছে।




বান্দরবানের লামায় পে ফিক্সেশন ও সার্ভিস বুক হালনাগাদে শিক্ষকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ

বান্দরবানের লামায় পে ফিক্সেশন ও সার্ভিস বুক হালনাগাদে শিক্ষকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ
ছবি সংগৃহীত।

নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় বান্দরবানের লামা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কাছ থেকে পে ফিক্সেশন ও সার্ভিস বুক হালনাগাদের নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাসসহ শিক্ষা অফিসের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন একাধিক সহকারী শিক্ষক।

অভিযোগ অনুযায়ী, লামা উপজেলার ৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০০ জন সহকারী শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ৪০০ টাকা করে নেওয়ার কথা বলা হয়েছে। জনপ্রতি ৪০০ টাকা হিসাবে ৫০০ শিক্ষকের কাছ থেকে মোট ২ লাখ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

কয়েকটি বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাধ্যমে প্রথমে জনপ্রতি ৫০০ টাকা করে উপজেলা শিক্ষা অফিসে জমা দিতে বলা হয়। পরে কেউ ৫০০ টাকা দিতে রাজি না হলে জনপ্রতি ৪০০ টাকা করে জমা দেওয়ার কথা জানানো হয় বলে অভিযোগ করেন তাঁরা।

শিক্ষকদের অভিযোগ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, হিসাব সহকারী রতন বড়ুয়া, উচ্চমান সহকারী জাহেদুল ইসলাম, হিসাবরক্ষণ অফিসের অডিটর কামরুল হাসান এবং অফিস সহকারী হারাধন এই টাকা আদায়ের সঙ্গে জড়িত।

এ ছাড়া কয়েকজন শিক্ষক জানিয়েছেন, পে ফিক্সেশনের ফরম পূরণ ও জমা দেওয়ার প্রক্রিয়ায় কেউ বিকাশের মাধ্যমে, আবার কেউ সরাসরি টাকা দিয়েছেন। তবে এসব অর্থের প্রকৃত প্রাপক, আদায়ের উদ্দেশ্য এবং কোনো সরকারি নির্দেশনা অনুযায়ী টাকা নেওয়া হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে হিসাবরক্ষণ অফিসের অডিটর কামরুল হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নিজেকে কামরুল হাসান নন বলে পরিচয় দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে লামা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাসের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে কলটি কেটে দেন।

সরকারি নিয়ম অনুযায়ী পে ফিক্সেশন ও সার্ভিস বুক হালনাগাদের জন্য এ ধরনের অর্থ আদায়ের কোনো বিধান রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকেরা।