মালিক, শ্রমিক ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই দেশ এগিয়ে যাবে- শাহজাহান চৌধুরী এম.পি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

মালিক, শ্রমিক ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই দেশ এগিয়ে যাবে- শাহজাহান চৌধুরী এম.পি

মালিক, শ্রমিক ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই দেশ এগিয়ে যাবে- শাহজাহান চৌধুরী এম.পি
ছবি সংগৃহীত।

সাতকানিয়া রাস্তার মাথা সিএনজি শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের কল্যাণ, সার্বিক উন্নতি ও পারস্পরিক সুসম্পর্ক জোরদারের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর রাত ৯ ঘটিকায় উপজেলার স্থানীয় থ্রি স্টার ক্লাবে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এ সভা সম্পন্ন হয়।

​শ্রমিক কল্যাণ ফেডারেশনের  সভাপতি ডাক্তার ইউনুসের সভাপতিত্বে  রাশেদের  সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ ইসহাক।  

​প্রধান অতিথির বক্তব্যে  আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, “একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকারি ও বিরোধী দলসহ সবাইকে একসাথে কাজ করতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের সামনে এগোতে হবে।” তিনি আরও বলেন, “পরিবহন খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ। তাই মালিক ও শ্রমিকদের মাঝে পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও দেশপ্রেমের ঐক্য বজায় রেখে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।”

প্রধান বক্তার বক্তব্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ ইসহাক শ্রমিকদের সার্বিক অধিকার ও সুযোগ-সুবিধার ওপর আলোকপাত করে বলেন ​”শ্রমিক সমাজই দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার মূল শক্তি। তাদের অক্লান্ত শ্রমের সঠিক মূল্যায়ন না হলে কোনো খাতেই স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। সিএনজি পরিবহন খাতের শ্রমিকরা নানা ঝুঁকি ও প্রতিকূলতার মধ্য দিয়ে প্রতিদিন সেবা দিয়ে যাচ্ছেন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, জীবনযাত্রার মান উন্নয়ন এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত নিরাপত্তা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতবদ্ধ। মালিক ও শ্রমিক ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, যেন কোনো বিভেদ বা অন্যায় আমাদের ঐক্যে ফাটল ধরাতে না পারে। ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা এবং শ্রমিক কল্যাণে শ্রমিক কল্যাণ ফেডারেশন সর্বদা আপনাদের পাশে থাকবে। 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি নুরুল হোসাইন এবং সাধারণ সম্পাদক মোক্তার আহমদ। বক্তারা পরিবহন খাতের বর্তমান সংকট দূরীকরণ ও সিএনজি শ্রমিকদের নানা সমস্যা সমাধানে গঠনমূলক দিকনির্দেশনা প্রদান করেন।

​উক্ত সাধারণ সভায় স্থানীয় সিএনজি শ্রমিক ট্রেড ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শ্রমিক সমাজের উন্নতি কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।




সাতকানিয়ায় স্কুলের সভাপতি পদে আ’লীগঘনিষ্ঠ ইসহাককে বসানোর চেষ্টা

সাতকানিয়ায় স্কুলের সভাপতি পদে আ’লীগঘনিষ্ঠ ইসহাককে বসানোর চেষ্টা
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদিঘী এলাকায় ছদাহা কেফায়েত উল্লাহ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি পদে আওয়ামী লীগঘনিষ্ঠ হিসেবে পরিচিত মোহাম্মদ ইসহাক এমএ-কে বসানোর চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতাদের প্রভাবিত করে অর্থের বিনিময়ে তাঁর নাম সভাপতি হিসেবে সুপারিশ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। এ-সংক্রান্ত বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের দাবি, মোহাম্মদ ইসহাক দীর্ঘদিন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাতকানিয়া-লোহাগাড়া এলাকায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে তাঁকে সক্রিয় থাকতে দেখা গেছে বলে দাবি স্থানীয়দের। এ-সংক্রান্ত বিভিন্ন ছবি বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মোহাম্মদ নদভী ও সাবেক এমপি মোতালেব মাষ্টারের আস্থাভাজন হিসেবে পরিচিত ইসহাক দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ পদে আসার চেষ্টা করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবার তাঁকে গভর্নিং বডির সভাপতি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের।

স্থানীয়দের আরও অভিযোগ, বিএনপি এক নেতকে প্রভাবিত করে ডিও লেটারে মোহাম্মদ ইসহাক এর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে তাঁকে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি পদে বসানোর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি তাঁদের।

স্থানীয়রা জানান, আশির দশকের পর ছদাহা কেফায়েত উল্লাহ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরুতে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান মরহুম কেফায়েত উল্লাহ। ২০০৫ সালে তাঁর মৃত্যুর পর বিভিন্ন সময়ে নানা কৌশলে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি পদে বিভিন্ন ব্যক্তির নাম প্রস্তাব ও সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের মতে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিক প্রভাব কিংবা অর্থ লেনদেনের অভিযোগ ওঠা অনাকাঙ্ক্ষিত। তাঁরা বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, আপনার কাছে শুনলাম। প্রমাণ থাকলে দিন। যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে মোহাম্মদ ইসহাক এমএ ও বিএনপি নেতা মহিউদ্দিনের বক্তব্য জানতে তাঁদের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
 




পটিয়ায় ৪৭টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন এমপি এনামুল হক

পটিয়ায় ৪৭টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন এমপি এনামুল হক
ছবি সংগৃহীত।

পটিয়ায় রাজস্ব খাতের আওতায় উপজেলা ও পৌরসভার ৪৭টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় পটিয়া উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ পুকুরঘাট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

এই কর্মসূচির আওতায় ১০ থেকে ১৫ সেন্টিমিটার আকারের রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ জাতের পোনা মাছ বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবউল্লাহ, উপজেলা এলজিইডি প্রকৌশলী তন্ময় নাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জামাল হোসেন, পৌরসভা বিএনপির সদস্যসচিব গাজী তাহের, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মঈনুল আলম ছোটন, পৌরসভা বিএনপি নেতা আবদুল মাবুদ, উপজেলা যুবদলের সদস্যসচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, কৃষকদল নেতা বুলবুল আহমেদ ও মাহাবুবুল আলম পারভেজসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধনকালে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, "মাছ প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রাতিষ্ঠানিক জলাশয়ে পরিকল্পিতভাবে পোনা মাছ অবমুক্ত করলে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব।"

তিনি আরও বলেন, "পোনা মাছ অবমুক্ত করার পর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে অবৈধভাবে মাছ শিকার ও জলাশয় দূষণ বন্ধে সবাইকে সচেতন হতে হবে।"

পটিয়ার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জলাশয় মাছ চাষের আওতায় এনে স্থানীয় চাহিদা পূরণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।




পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
ছবি সংগৃহীত।

পটিয়ায় টাইলসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মিজানুল হক (১৮) নামে এক তরুণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোজাফফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজানুল হক পটিয়ার খরনা ইউনিয়নের লালারখীল দক্ষিণপাড়া হাজীর বাড়ির মোহাম্মদ হারুনের ছোট ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের জীবিকার প্রয়োজনে মিজানুল হক টাইলসের মিস্ত্রি হিসেবে বিভিন্ন এলাকায় কাজ করতেন। প্রতিদিনের মতো রোববার সকালে তিনি মোজাফফরাবাদ এলাকায় কাজে যান। সেখানে টাইলসের কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিজানুলের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্থানীয়রাও গভীর শোক প্রকাশ করেছেন।