মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শান্তির নগরী গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ জন্য সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
রবিবার (১৯ এপ্রিল) হাটহাজারী উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন, ক্রীড়া সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। সন্ধ্যার পর সন্তানরা কোথায় যায়, কী করে এবং কার সঙ্গে মিশে, এসব বিষয়ে অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।
কিশোর গ্যাং প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটি একটি সামাজিক ব্যাধি। এর প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। কিশোরদের সচেতন করে তুলতে হবে, ভালো-মন্দ বুঝিয়ে সৎপথে রাখতে হবে। অন্যথায় তারা বিপথে গিয়ে নিজের পরিবার ও সমাজের জন্য বোঝা হয়ে উঠতে পারে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। তিনি বলেন, সবাইকে আইন মেনে চলতে হবে এবং এলাকার উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা করার বিকল্প নেই।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রতিমন্ত্রী গণমাধ্যমকর্মীদের সঙ্গে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অংশ নেন এবং সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।








