মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫টি দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাজার কমিটির তালিকা অনুযায়ী, অগ্নিকাণ্ডে ১৫ জন ব্যবসায়ীর ১৫টি দোকান পুড়ে আনুমানিক প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাজার কমিটির প্রস্তুত করা তালিকায় ১৫ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর ক্ষয়ক্ষতির হিসাব উঠে এসেছে। একটি ডেকোরেশনের দোকানে টমটম (ব্যাটারিচালিত অটোরিকশা) চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে রেজা মার্কেটের (মালিক নুরুল আলম রেজা) কয়েকটি দোকানসহ বাজারের ব্যবসায়ীরা সর্বস্ব হারান।
বাজার কমিটির তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, মুদির দোকানদার মো. তারেক (আনুমানিক ক্ষয়ক্ষতি ৬৫ লাখ টাকা), হার্ডওয়্যার অ্যান্ড মেশিনারি দোকানদার মো. তামজিদ (২৫ লাখ টাকা), ফার্মেসি দোকানদার মো. জিয়াবুল (১৫ লাখ টাকা), কাপড়ের দোকানদার মো. আনছার উল্লাহ (১৫ লাখ টাকা), মেশিনারি দোকানদার মো. মনজুর আলম (১০ লাখ টাকা), ডেকোরেশন দোকানদার মো. ছোটন (৫ লাখ টাকা), মোবাইল অ্যান্ড মাইক দোকানদার মো. জুলহাস (৫ লাখ টাকা), মেশিনারি দোকানদার মো. মণির উদ্দিন (৫ লাখ টাকা), সেলুন দোকানদার স্বপন শর্মা (৪ লাখ টাকা), সেলুন দোকানদার জয়সিব শর্মা (৩ লাখ টাকা), মুরগির দোকানদার মো. তৌহিদ (৩ লাখ টাকা), সেলুন দোকানদার নিউটন (২ লাখ টাকা), লন্ড্রি দোকানদার মিলন শর্মা (২ লাখ টাকা), কুলিং কর্নার দোকানদার মো. মন্নান (২ লাখ টাকা) এবং সেলুন দোকানদার কাজল শর্মা (১ লাখ টাকা)। তালিকায় হিসাবকৃত সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ৬২ লাখ টাকা, যা সামগ্রিকভাবে প্রায় ২ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
মাঝেরফাঁড়ি বাজার কমিটির সভাপতি মোহাম্মদ শোয়াইবুল ইসলাম অগ্নিকাণ্ডের বিস্তারিত তথ্য ও ক্ষতিগ্রস্তদের তালিকা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাঁদের দীর্ঘদিনের ব্যবসাপ্রতিষ্ঠান ও পুঁজি হারিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। তাঁদের ঘুরে দাঁড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয়রাও ক্ষতিগ্রস্তদের ক্ষতি কাটিয়ে উঠতে সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন।
খবর পেয়ে চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ দে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহযোগিতার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন পাঠানো হয়েছে। এছাড়া চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।











