ভ্যানগাড়ি ঘোরাতেই ট্রাকচাপায় চালক নিহত

ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ঘোরাতেই বেপরোয়া গতির ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নুরুন্নবী (৩০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী পৌরসভার কলাবাগান মেঘপাই রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক নুরুন্নবীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে হাটহাজারী পৌরসভার কলাবাগান বিদ্যুৎ অফিসের সামনে থেকে নুরুন্নবী তাঁর ব্যাটারিচালিত ভ্যানগাড়িটি ঘোরাতে গেলে নগরমুখী একটি ট্রাক তাকে চাপা দেয় এবং চাকা শরীরের ওপর উঠে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে আলিফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, “দুর্ঘটনার খবর পেয়েছি এবং ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ গেছে।”
রাউজান হাইওয়ে পুলিশের ওসি আশরাফ জানান, “ট্রাকচাপায় ব্যাটারিচালিত ভ্যানগাড়ির চালক নুরুন্নবী মারা গেছেন। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। নিহত নুরুন্নবীর বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ। তাঁর মরদেহ নিতে পরিবারের লোকজন এসেছেন।”









