ভোট শেষে নির্বাচিতদের হাতেই ক্ষমতা হস্তান্তর: ধর্ম উপদেষ্টা

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন শেষে নির্বাচিত প্রতিনিধিদের হাতেই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় শতবর্ষী আদালতের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. খালিদ হোসেন বলেন, “আসন্ন নির্বাচন এ দেশের মানুষের জন্য এক ঐতিহাসিক ক্ষণ। আমরা আশাবাদী, দীর্ঘ সময় পর জনগণ উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে।” নির্বাচন-পরবর্তী পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীর সরকার যেমনই হোক না কেন, যেকোনো পরিস্থিতির জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
দেশে আইনের শাসনের গুরুত্বারোপ করে ধর্ম উপদেষ্টা মন্তব্য করেন, “আইনের শাসন অনুপস্থিত থাকলে ‘মব জাস্টিস’ বা গণপিটুনির মতো সংস্কৃতি মাথাচাড়া দেয়। অন্তর্বর্তীকালীন সরকার সুশাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর।” এ সময় তিনি সাতকানিয়া আদালতের আধুনিকায়নের ঘোষণা দিয়ে বলেন, এই শতবর্ষী ভবনকে একটি আধুনিক বহুতল ভবনে রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং স্থপতির সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।







