ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

নির্বাচন কমিশনের ব্রিফিং

ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল
ছবি সংগৃহীত।

দেশের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জনে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার রয়েছেন ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এছাড়া দেশে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

সিনিয়র সচিব জানান, গত ৩১ আগস্ট কমিশন যে ভোটার সংখ্যা জানিয়েছিল, তার তুলনায় আজকের তারিখ পর্যন্ত দেশে মোট ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। এই হালনাগাদ ভোটার তালিকা দিয়েই আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজন করা হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময়সূচিও জানিয়েছেন আখতার আহমেদ। তিনি জানান, ইউপি নির্বাচন নিয়ে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন। এই সংলাপে অংশ নেওয়ার জন্য মোট ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে উল্লেখ করেন ইসি সচিব।




সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদেশে পলাতক পার্টি দেশে লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে’

‘বিদেশে পলাতক পার্টি দেশে লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে’
ছবি সংগৃহীত।

পলাতক আওয়ামী লীগ এদেশে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের বিপদের মুখে ফেলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বুঝে হোক বা না বুঝে হোক, তাদের প্রতারণা ও ফাঁদে পা দিচ্ছে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগের নেতারা প্রতিবেশী রাষ্ট্রে অবস্থান করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টাকে সরকার কীভাবে দেখছে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পার্শ্ববর্তী দেশের বিষয় যেটা বললেন সেটা আমরা ডিপ্লোমেটিক্যালি হ্যান্ডেল করছি।’

ইন্দোনেশিয়ায় বিস্ফোরক বোঝাই জাহাজ আটক করা এবং সেটি মোংলা বন্দরে আসার কথা ছিল কি না, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টা আমার জ্ঞানে নেই। বিষয়টা আমি এখনো জানি না, আপনার কাছে নতুন শুনলাম।’

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি কোনো বাধা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আইনি কোনো বাধা বলতে বিষয়টা ওইভাবে নয়। আমরা দুই দেশের মধ্যে সাইনড এক্সট্রাডিশন ট্রিটি অনুসারে পলাতক আসামিকে, দণ্ডপ্রাপ্ত আসামিকে আমরা ফেরত চেয়েছি।'

তিনি বলেন, 'এরকম আরও আসামি যারা দণ্ডপ্রাপ্ত অথবা দণ্ডপ্রাপ্ত নয়, সেরকম ক্ষেত্রেও এক্সট্রাডিশন চুক্তিতে কভার করা আছে যে উভয় দেশের মধ্যে সেরকম ডিপ্লোমেটিক চ্যানেলে যদি চাওয়া হয় তারা সেটা ফেরত দেয়। এটা কিন্তু প্রচলিত আছে, এটা একটা রেগুলার প্রসেস। আমরাও দেই, সেই সমস্ত দেশ থেকেও আসামিদের প্রত্যর্পণ করায়।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আর অন্যান্য বিষয়গুলো হচ্ছে পতিত আওয়ামী শক্তি, পলাতক পার্টি এদেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে এবং তারা যেখানে এখানে সামাজিকভাবে, অঘোষিতভাবে রিকনসিলিয়েশন হয়ে গিয়েছিল, তাদের বরং বিপদের মুখোমুখি করছে। তারা বুঝে হোক না বুঝে হোক তাদের সে সমস্ত প্রতারণা এবং ফাঁদে পা দিচ্ছে। আশা করি দেশের জনগণ বুঝবে এবং তারাও বুঝবে যে পলাতক পার্টি যেন লুকায়িত পার্টিকে উত্তেজিত না করে।'

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার সর্বসম্মতিক্রমে একসঙ্গে বসার পরিকল্পনা করছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এগুলো পরের আলোচনা, আমার সঙ্গে তো বৈঠক হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির কয়েকজন নেতা সাক্ষাৎ করেছেন, তারা সাক্ষাৎকার চেয়েছিলেন করেছেন। আর জোটগতভাবে অন্যান্য দলের সঙ্গে আমাদের আলাপ আলোচনা পরিকল্পনা রয়েছে, সেটা আপনারা জানতে পারবেন।'




সাত জেলায় নতুন পুলিশ সুপার

সাত জেলায় নতুন পুলিশ সুপার
ছবি সংগৃহীত।

দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের পুলিশ সুপার করা হয়েছে চট্টগ্রামের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে, লালমনিরহাটের পুলিশ সুপার করা হয়েছে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে, নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে, খুলনার পুলিশ সুপার করা হয়েছে এপিবিএন-এর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে, ফেনীর পুলিশ সুপার করা হয়েছে গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দীনকে, গাইবান্ধার পুলিশ সুপার করা হয়েছে এসআরইউ-এর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে এবং নওগাঁর পুলিশ সুপার করা হয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে।

এছাড়া পুলিশের আরও ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।




তিন লাখ স্কুলছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী

তিন লাখ স্কুলছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত।

দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি।

দেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য আনা এসব বাইসাইকেলের নমুনা তাঁর সামনে উপস্থাপন করা হয়। বাইসাইকেল চালানোর উদ্দেশ্য ছিল ভিন্ন, মেধাবী ছাত্রীদের জন্য সরকারের উপহার হিসেবে নির্ধারিত বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজে পরখ করে দেখা।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়। তিনি সেগুলো চালিয়ে দেখেন। এ উদ্যোগের আওতায় ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।