ভূজপুরে ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার- ৬

ফটিকছড়ির ভূজপুর থানা এলাকায় এক নারীর ব্যক্তিগত নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ভুক্তভোগী চার সন্তানের জননী। প্রায় দুই বছর আগে প্রধান আসামি দেবাশীষ চক্রবর্তী আশিস কৌশলে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে। পরে সেগুলো অন্যদের সাথে শেয়ার করে অভিযুক্তরা ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ওই নারীর কাছ থেকে ৭০ হাজার টাকা আদায় করে। পরবর্তীতে আরও ৫০ হাজার টাকা দাবি করলে ভুক্তভোগী মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে দেবাশীষ চক্রবর্তী আশিস, জিকু দে, রনি দে, জয় দে, রিমন শীল ও দিপু চন্দ্রকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।








