ভূজপুরে ইটভাটার মাটির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু
ফটিকছড়ির ভূজপুরে ইটভাটার জন্য মাটি কাটার ফলে সৃষ্ট গভীর গর্তে পড়ে দুই শিশু-শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৫ মার্চ) সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ি গ্রামের করিম বাপের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- হাবিবুর রহমানের নয় বছর বয়সী কন্যা সাকি আক্তার এবং জাকির হোসেনের আট বছর বয়সী কন্যা সানজিদা আক্তার। তারা দু’জনই ভূজপুর আল মাহাদুল ইসলাম বালক-বালিকা মাদ্রাসার নূরানী বিভাগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে মাদ্রাসায় যাওয়ার পর ফেরার পথে খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা গভীর গর্তে পড়ে যায়। বিষয়টি দেখে পথচারীরা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ইটভাটার জন্য অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলে সৃষ্ট গভীর গর্তগুলোই এমন দুর্ঘটনার মূল কারণ। তারা দাবি করেন, ইটভাটা মালিকরা নিয়ম-কানুন উপেক্ষা করে যত্রতত্র মাটি খনন করছে, যার দায় এড়ানো যায় না।
সরেজমিনে নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকে স্তব্ধ পুরো পরিবার। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। সন্তান হারানোর বেদনায় মা-বাবার বুকফাটা কান্না উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চাওয়া হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত কোনো ইটভাটা মালিকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








