ভূজপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এক অসহায় পরিবারের জমি দখল ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (২৭ এপ্রিল) উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্য দেন ভুক্তভোগী মো. আবুল হোসেন। তিনি নারায়ণহাট ইউনিয়নের জুজখোলা গ্রামের মৃত কোব্বাদ আলীর পুত্র ও একজন দরিদ্র কৃষক।
তিনি জানান, ভূমিহীন হিসেবে ১৯৯৯–২০০০ সালের দিকে সরকার তাকে স্থানীয় মৌজা লট-৪৪ নেপচুন এলাকায় ৯৯ বছরের জন্য এক একর জমি লিজ দেয়। পরবর্তীতে ওই জমি তার ও তার স্ত্রীর নামে ১৪ নম্বর সৃজিত বিএস খতিয়ানভুক্ত হয়। সব কাগজপত্র ও রেকর্ড সঠিক থাকা সত্ত্বেও স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক নারায়ণহাট ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম ক্ষমতার প্রভাব খাটিয়ে জমিটির মালিকানা দাবি করে দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
আবুল হোসেন বলেন, তিনি প্রভাবশালী হওয়ায় আগে কোনো বিচার পাইনি। দলীয় প্রভাব ব্যবহার করে আমাদের কোণঠাসা করে রাখা হয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি এলাকা ছাড়লেও এখন মাঝেমধ্যে এসে আমাকে ও আমার পরিবারকে হুমকি-ধমকি দেন এবং জমি দখলের চেষ্টা চালান।
তিনি আরও অভিযোগ করেন, চলতি মৌসুমে তার রোপিত ধান কাটতে বাধা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে জমিতে গেলে কঠোর পরিণতির হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি আদালতে মামলা করেছেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে আবুল হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম, স্বজন মো. গোলাম আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এদিকে, অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম বলেন, তিনি একসময় ইস্পাহানির মালিকানাধীন নেপচুন চা-বাগানের আইনি পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করতেন। তখন কিছু জমি নিয়ে বিরোধ থাকলেও বর্তমানে ওই বাগানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।








