ভুজপুর খেলোয়াড় সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি তারেক আজিজ, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ নির্বাচিত

ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ভুজপুর খেলোয়াড় সমিতির ত্রিবর্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
শনিবার (৩০ মে) ভুজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ২৪৯ জন ভোটারের মধ্যে ২২৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে তারেক আজিজ ১৩১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপন চৌধুরী পান ৯১ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শহিদুল্লাহ ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মঈন উদ্দিন পান ৮০ ভোট।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মতিউর রহমান সিকদার। প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন ফটিকছড়ি উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান লিটন এবং সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন মোহাম্মদ বেলাল উদ্দিন মাস্টার।
ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে উপস্থিত খেলোয়াড়, সদস্য ও সমর্থকদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির সার্বিক উন্নয়ন, খেলাধুলার প্রসার এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।








