বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠনের ৩ জন গ্রেপ্তার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠনের ৩ জন গ্রেপ্তার

বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠনের ৩ জন গ্রেপ্তার
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মো. রাজা মিয়া (৪৮) শ্রীপুর এলাকার মফজল সওদাগর বাড়ির বাসিন্দা এবং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তাকে বুড়ো মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সারোয়াতলীর খিতাবচর এলাকার ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মাইনুল ইসলাম (১৯) ও ইরফানুল হক জিসানকে (১৯) সারোয়াতলী থেকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




চট্টগ্রামে ড. ইউনূসের পৈত্রিক বাড়িতে আগুন, নগরজুড়ে আতঙ্ক

চট্টগ্রামে ড. ইউনূসের পৈত্রিক বাড়িতে আগুন, নগরজুড়ে আতঙ্ক
ছবি সংগৃহীত।

চট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈত্রিক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত বাড়িটিতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কে বা কারা আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটিতে কেয়ারটেকার ছাড়া অন্য কেউ বসবাস করেন না। রাতের আঁধারে দুর্বৃত্তরা বাড়িটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। বাউন্ডারি ঘেরা বাড়িটির ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। পরে আগুনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী কারও বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এদিকে এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ষোলশহরের বাসভবনে অভিযান চালায় পাঁচলাইশ থানা পুলিশ। একই রাতে আন্দরকিল্লায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বাসভবনে অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ। নওফেলের বাসভবনে ২০২৪ সালের ৫ আগস্টের পর একাধিকবার হামলা, অগ্নিসংযোগ ও পুলিশের অভিযান চালানোর ঘটনা ঘটে। তবে আ জ ম নাছিরের বাসায় পুলিশের এ অভিযান প্রথম। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। যদিও তাঁর অনুসারীদের প্রকাশ্যে ও অপ্রকাশ্যে সক্রিয় থাকতে দেখা যাচ্ছে।

অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাতে নগরীর নিউমার্কেট মোড়ে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এবং চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা করেন।

এ ছাড়া সন্ধ্যায় কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় নৈরাজ্যবিরোধী বিএনপির একটি মিছিলে বাস তুলে দেওয়ার ঘটনায় অন্তত সাত নেতাকর্মী আহত হন বলে জানা গেছে।

বুধবার সন্ধ্যায় নগরীর আন্দরকিল্লা মোড়, চেরাগী পাহাড় ও টেরিবাজারসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বিএনপির নেতাকর্মীরা পাল্টাপাল্টি শোডাউন করেন। একের পর এক এসব ঘটনায় নগরজুড়ে উত্তেজনা ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।




বুধবার চট্টগ্রামের যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না

বুধবার চট্টগ্রামের যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
ছবি সংগৃহীত।

গ্যাস বিতরণ পাইপলাইন ও ভাল্বের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম নগরীর বেশ কয়েকটি এলাকায় টানা ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চট্টগ্রামস্থ ছোট পুল এলাকার হালিশহর পুরাতন রোডে পাইপলাইন ও ভাল্বের রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়- হালিশহর ও বিজিবি হালিশহর, হালিশহর সেনানিবাস,
হাজী পাড়া ও নয়াবাজার, শান্তিবাগ, বসুন্ধরা ও শ্যামলি আবাসিক এলাকা, পুলিশ লাইনস, ছোটপোল, বড়পোল ও তৎসংলগ্ন এলাকা।

স্বল্প চাপ থাকতে পারে যেসব এলাকায়- কাজ চলাকালীন আব্বাস পাড়া, চৌধুরী পাড়া, সুন্দরী পাড়া, মইন্না পাড়া ও আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও গ্যাস সরবরাহ চালু করা হতে পারে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।




বোয়ালখালীতে এক বৃদ্ধের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

বোয়ালখালীতে এক বৃদ্ধের মৃত্যু নিয়ে ধোঁয়াশা
ছবি সংগৃহীত।

বোয়ালখালীতে ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে অশোক শীল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে পুলিশ। তবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে দাবি পরিবারের।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের কনজুরী এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অশোক শীল ওই এলাকার শীল বাড়ির মৃত মণীন্দ্র লাল শীলের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অশোক শীল ছাগল পালন করতেন। প্রতিদিনের মতো রোববার বিকেলে ছাগলের জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন তিনি। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তাঁর ছোট মেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের বিলের জমিতে বাবাকে পড়ে থাকতে দেখেন তিনি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কৌশিক বলেন, ‘বিকেলে অশোক শীলকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘পরিবার এবং চিকিৎসকের বক্তব্যে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। চিকিৎসকের ধারণা, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তবে পরিবারের দাবি, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’