বোনের বিয়ের অনুষ্ঠানে আসা হলোনা ভাইয়ের, বেপরোয়া ট্রাক কেড়ে নিল প্রাণ
বোনের বিয়ের অনুষ্ঠান চলছে,আত্মীয়-স্বজন সবাই চলে আসছে।চলছে বিয়ের ক্লাবে আনন্দ উল্লাস। কিছুক্ষণ পর পরিবার স্বজন মা-বাবা ভাই বোন সবাই বিদায় দিবে কন্যাকে।চলে যাবে স্বামীর বাড়িতে।একদিকে চলছে আনন্দের কান্না ঠিক সেই মুহূর্তে ভাই আসছে বোনকে বিদায় দিতে।কিন্তু বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিজেই পরপারে চলে গেছে। পুরো আনন্দের মধ্যে মুহুর্তেই শোক সাগরে ভাসছে নিহত সামিরের(১৩) পরিবার।
শুক্রবার (১৯ জুন) দুপুরে হাটহাজারী পৌরসভার ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সামির হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়ার দুবাই প্রবাসী জসিম উদ্দিনের ছেলে। তিনি পরিবারের একমাত্র ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারে সামিরের বোনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে যোগ দিতে আসার পর সেন্টারের সামনে একটি দ্রুতগামী ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । এই ঘটনায় বিয়ের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই শোকে পরিণত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ড্রাম ট্রাকটি আটক করে এবং পুলিশে হস্তান্তর করে। খবর পেয়ে হাটহাজারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
এদিকে সামিরের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে সড়কে বেপরোয়া ভারী যানবাহন চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।








