বৈরাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন কারানির্যাতিত বিএনপি নেতা অ্যাডভোকেট মো. লোকমান শাহ্

ছাত্ররাজনীতি থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা এবং বিগত ১৭ বছর দলের নেতাকর্মীদের চট্টগ্রাম আদালতে আইনি সেবা দিয়ে কারামুক্ত করা প্রথিতযশা আইনজীবী অ্যাডভোকেট মো. লোকমান শাহ্ এবার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। তিনি আনোয়ারা উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মনোনয়নপ্রত্যাশী। এলাকার সাধারণ মানুষের অধিকার আদায় ও জনসেবায় নিজেকে পুরোপুরি নিয়োজিত করতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
ব্যক্তিগত ও শিক্ষাজীবনে তিনি আনোয়ারা কলেজ থেকে এইচএসসি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (পাশ) এবং পরবর্তীতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে এলএল.বি ও এলএল.এম ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট (ঢাকা) ও জজ কোর্ট (চট্টগ্রাম)-এর আইনজীবী এবং চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিবিউটর হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মো. লোকমান শাহ্ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আনোয়ারা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য, দপ্তর সম্পাদক ও যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এবং ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি মঞ্চ’-এর কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তথ্য ও প্রযুক্তি সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণ করেছেন। ২০১৩ সালের ১৮ মার্চ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক থাকাকালে শেখ হাসিনা পতন আন্দোলনের কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় থেকে কোতোয়ালী থানার একটি মামলায় তিনি গ্রেপ্তার হন। এছাড়া ২০২৩ সালের ২৭ অক্টোবর এক দফা আন্দোলনে ঢাকার মহাসমাবেশে যাওয়ার পথে যাত্রাবাড়ী এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনি দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার হন।
পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর বেশ জনপ্রিয়তা রয়েছে। গত ১২ বছর ধরে চট্টগ্রাম জজ কোর্টে সফলভাবে আইনি সহায়তা প্রদানের পাশাপাশি ছাত্ররাজনীতির সময়কাল থেকেই তিনি বৈরাগ ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে যুক্ত রয়েছেন। এলাকার দরিদ্র ও অসহায় মানুষের বিপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত জীবনে অন্যায়ের সঙ্গে কখনো আপস না করার নীতিই তাঁর মূল শক্তি বলে জানান স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা।
মনোনয়নের ব্যাপারে মো. লোকমান শাহ্ বলেন, “বিগত দিনে দলে আমার ভূমিকা ও মানবসেবায় কাজের মূল্যায়ন করবে দল। আমি অতীতেও বিভিন্ন নির্বাচনে দলের মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছি। আশা রাখছি দল এবার আমাকে মূল্যায়ন করবে। তবে দলের হাইকমান্ড থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে, আমি তা মাথা পেতে নেব।”











