বিএনপির কর্মসূচিতে বেজে উঠলো শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বিএনপির দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচিতে বেজে উঠলো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা গান।
শনিবার (৭ নভেম্বর) সকালে নগরের আগ্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ শিরোনামের গানটি বাজানোর ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
পুলিশের দাবি, ইউটিউব থেকে একের পর এক গান বাজানোর সময় অসতর্কতাবশত গানটি চালু হয়ে যায়। বিষয়টি জানার পর দ্রুত সেটি বন্ধ করে দেওয়া হয়। তবে বিএনপির নেতারা জানান, কারা গানটি বাজিয়েছেন, তা এখনো নিশ্চিত হতে পারেননি।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সড়কের পাশে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি বাজছে। এ সময় পাশের সড়ক দিয়ে রিকশা, অটোরিকশা ও সাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান মোবাইল ফোনে জানান, দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। ফলে বিষয়টি জানতে পারেননি। তবে কারা গানটি বাজিয়েছেন, তা খোঁজ নিয়ে দেখবেন।
নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নগরের বিভিন্ন এলাকায় দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি ছিল। আগ্রাবাদে দলের কর্মসূচিতে অন্য দলের গান বাজানোর একটি ভিডিও তাঁর নজরে এসেছে। তবে কারা গানটি বাজিয়েছেন, তা এখনো নিশ্চিত হতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল জানান, বিএনপির কর্মসূচিতে অন্য একটি গান বাজানোর ভিডিও তাদের নজরে এসেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলেছে। আয়োজকরা জানিয়েছেন, ইউটিউব থেকে দলীয় গান বাজানো হচ্ছিল। একের পর এক গান চলার মধ্যে কোনো একপর্যায়ে গানটি বেজে ওঠে। পরে দ্রুত তা বন্ধ করে দেওয়া হয়। তাদের দাবি, ইচ্ছাকৃতভাবে গানটি বাজানো হয়নি।










