বান্দরবান পৌরসভার বাস্তবায়নাধীন সড়ক নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ

বান্দরবান শহরের গুরুত্বপূর্ণ এলাকা জেলা প্রশাসকের কার্যালয় ও বাংলো, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়ক সংস্কারকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ৫১ লাখ টাকা ব্যয়ে বান্দরবান পৌরসভার বাস্তবায়নাধীন এই প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং নির্ধারিত নির্মাণমান অনুসরণ না করার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘থুই মং প্রু এন্টারপ্রাইজ’-এর বিরুদ্ধে।
গত ২১ জুলাই বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই প্রায় ২১০ মিটার দীর্ঘ আরসিসি সড়কের ঢালাই কাজ চলছে। সেখানে ঢালাইয়ের সময় কোনো ধরনের ভাইব্রেটর মেশিন ব্যবহার করা হয়নি। এ ছাড়া নির্মাণসামগ্রী পরিষ্কারের জন্য চালনি ব্যবহার না করায় মাটি ও ময়লা সরাসরি কংক্রিটের সঙ্গে মিশে যাচ্ছে। নির্ধারিত অনুপাত ও প্রকৌশলগত মানদণ্ড উপেক্ষা করে দায়সারাভাবে কাজ চালানোর অভিযোগও পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, আরসিসি ঢালাইয়ে আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার না করায় সড়কটি অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁরা জানান, বারবার প্রতিবাদ জানানো হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ চালিয়ে যাচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান থুই মং প্রু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী থুই মং প্রু বলেন, “আরসিসি ঢালাইয়ে চালনি বা ভাইব্রেটর মেশিন ব্যবহারের কোনো বাধ্যবাধকতা নেই। কাজে কোনো ধরনের অনিয়ম হয়নি।”
বৃষ্টির মধ্যে ঢালাই কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, ঢালাইয়ের ওপর পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তবে সরেজমিনে দেখা যায়, বৃষ্টি থামার পর পলিথিন দেওয়া হয়েছে।
এ বিষয়ে বান্দরবান পৌরসভার উপসহকারী প্রকৌশলী এস এম নাজিম উদ্দিন বলেন, “নিম্নমানের সামগ্রী ব্যবহারের কোনো সুযোগ নেই। বিষয়টি আমাদের নজরে এসেছে। খুব শিগগিরই সরেজমিনে পরিদর্শন করা হবে। যদি প্রাক্কলন ও স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না হয়ে থাকে, তাহলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ভাইব্রেটর মেশিন ব্যবহার না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, “ঢালাইয়ের দিন সকালে ভাইব্রেটর মেশিনটি নষ্ট হয়ে যায়। ফলে বিকেলে মেশিন ছাড়াই ঢালাই কাজ সম্পন্ন করতে হয়েছে।”
স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, গুরুত্বপূর্ণ এই সড়কটি নিম্নমানের নির্মাণসামগ্রী ও অনিয়মের মাধ্যমে নির্মাণ করা হলে সামান্য বৃষ্টি কিংবা ভারী যানবাহনের চাপেই দ্রুত ক্ষতিগ্রস্ত হবে। তাঁরা দ্রুত সরেজমিনে তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।











