বান্দরবানে এনসিপিকে সমর্থন দিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে বান্দরবান (৩০০ নম্বর) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁর পক্ষে প্রত্যাহারের আবেদন জমা দেন দলীয় নেতৃবৃন্দ।
এর ফলে এই আসনে ১০ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক পিপলস পার্টির (এনসিপি) এস এম শাহ সুজা উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করবেন। জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আউয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রিটার্নিং কর্মকর্তার কাছে এই আবেদনপত্র হস্তান্তর করেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে জামায়াত নেতৃবৃন্দ জানান, বান্দরবান পার্বত্য জেলায় দলটির শক্তিশালী অবস্থান ও জনপ্রিয়তা থাকা সত্ত্বেও জোটগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তাঁরা এই আসনটি এনসিপিকে ছেড়ে দিয়েছেন। কেন্দ্রীয় নির্দেশনায় প্রার্থীর এই মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে এবং জোটের প্রার্থীকে বিজয়ী করতে জামায়াতের নেতা-কর্মী ও সমর্থকরা মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন।
১০ দলীয় জোটের প্রার্থী এস এম শাহ সুজা উদ্দিন জামায়াতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, "শরিক দল জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের নেতৃত্বেই আমরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাব। আগামীর সুন্দর বান্দরবান গড়তে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"
তিনি আরও জানান, ইতোমধ্যেই জেলার কয়েকটি উপজেলায় গণভোটের পক্ষে প্রচারণা চালানো হয়েছে। সাংগঠনিকভাবে এনসিপি বান্দরবানে মজবুত অবস্থানে রয়েছে এবং বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।









