বান্দরবানের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের পরিকল্পনা নিয়ে মাঠে কাজী নিরুতাজ বেগম

বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদারে একগুচ্ছ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা পরিষদের সদস্য ও ক্রীড়া বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক (কনভেনর) কাজী নিরুতাজ বেগম।
বুধবার (১৮ নভেম্বর) বান্দরবান জেলা ক্রীড়া অফিস পরিদর্শনকালে তিনি এসব উদ্যোগের কথা জানান। এ সময় জেলা ক্রীড়া অফিসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
কাজী নিরুতাজ বেগম বলেন, বান্দরবানের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে। জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে।
তিনি আরও জানান, বান্দরবানের ক্রীড়াঙ্গনের সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি স্পোর্টস কনফারেন্স আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা স্থানীয় কৃতী খেলোয়াড়দের জন্য প্রণোদনা ও সংবর্ধনার আয়োজন করা হবে।
জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিমের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ মংসিং প্রু নজি, কারাতে প্রশিক্ষক উ ক্য হ্লা, ক্রীড়া সংগঠক মাহফুজুর রশিদ বাচ্চু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক একিনু মারমাসহ স্থানীয় ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে আয়োজিত আনন্দ উৎসবে যোগ দেন কাজী নিরুতাজ বেগম। অনুষ্ঠানে ২০ জন শিশুর মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। এ সময় শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটান এবং তাদের উৎসাহিত করেন।











