বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান: শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত রবিবার (৪ অক্টোবর) বেলা ১টায় শারজাহ ন্যাশনাল পার্কে কলম একাডেমি লন্ডন—ইউএই চ্যাপ্টারের ব্যবস্থাপনায় “অক্ষরে অমরতা” স্লোগানকে সামনে রেখে এ আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তিলাওয়াত এবং বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের সদস্যসচিব শাহেদ সরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যাপ্টারের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু তৌয়ব চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই ও উত্তর আমিরাতের আঞ্চলিক ব্যবস্থাপক (রিজিওনাল ম্যানেজার) মোহাম্মদ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চ্যাপ্টারটির মধ্যপ্রাচ্য সমন্বয়ক (মিডইস্ট কোঅর্ডিনেটর) কবি মোফাচ্ছেল হক শাহেদ। প্রধান বক্তা ছিলেন ফার্স্ট আবুধাবি ব্যাংক (ইউএই)-এর ব্যবস্থাপক ও চ্যাপ্টারের উপদেষ্টা মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়া এবং বিশেষ বক্তা ছিলেন চ্যাপ্টারের উপদেষ্টা ও লেখক মোহাম্মদ শাহাদাত হোসেন পলাশ।
অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক সমিতি (প্রবাস)-এর সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান, সাংবাদিক মাহবুব সরকার, সৈয়দ জাহাঙ্গীর আলম, জালাল আহাম্মদ, রফিকুল ইসলাম রুমান, সেকান্দর চৌধুরী ও ফারদিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী।
বক্তারা প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চার সম্প্রসারণ এবং নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কলমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, কলম কেবল লেখার মাধ্যম নয়; এটি মানুষের চিন্তা, বিবেক ও সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। একটি শব্দ মানুষের চিন্তার জগতে পরিবর্তন আনতে পারে, একটি কবিতা জাগিয়ে তুলতে পারে বিবেক, আর একটি সত্যনিষ্ঠ লেখা হয়ে উঠতে পারে সময় ও সমাজের গুরুত্বপূর্ণ দলিল।
অনুষ্ঠানে কেক কাটা, সাহিত্য ও সাংস্কৃতিক পরিবেশনা এবং কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। ১৬ বছরের পথচলায় কলম একাডেমি লন্ডনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।






