বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

চট্টগ্রামের বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের এক প্রস্তুতি সভা সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি।
সভায় বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের বাঁশখালী উপজেলা সভাপতি অ্যাডভোকেট লায়ন শেখর দত্ত, সেক্রেটারি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, বাঁশখালী থানার ওসি রবিউল হক, সহকারী কমিশনার (ভূমি) আমিরুল মোস্তফা, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনি, সাবেক চেয়ারম্যান আলহাজ আমিনুর রহমান চৌধুরী, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বদরুল হক, পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবু তাহের, বিএনপি নেতা দেলোয়ার আজীম, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিকদার, হেফাজতে ইসলাম বাঁশখালী উপজেলা সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন খান জসিম, পল্লীবিদ্যুতের ডিজিএম তৌহিদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ঝুন্টু কুমার দাশ প্রমুখ।
সভায় মণ্ডপগুলো মাদকমুক্ত রাখা, প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিতকরণ, আজান ও নামাজের সময় মাইক বন্ধ রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বক্তারা সম্প্রীতির বাংলাদেশে তথা বাঁশখালীতে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।









