বাঁশখালীতে বিএনপি নেতার মাছ লুটের সংবাদ মিথ্যা, ছবি এআই দিয়ে তৈরি: দেলোয়ার আজীম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের পুকুর থেকে বিএনপি নেতার মাছ লুটের যে সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপি নেতা দেলোয়ার আজীম।
গত বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদের পুকুরপাড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইউনিয়ন পরিষদের পুকুর থেকে মাছ লুটের যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত ছবিগুলোও ছিল এআই (AI) দিয়ে বানানো।” এ সময় তাঁর সঙ্গে কয়েক শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা দেলোয়ার আজীম বলেন, “আমি ইউনিয়ন পরিষদে একাধিকবার চেয়ারম্যান পদে নির্বাচন করেছি। সামান্য ভোটের ব্যবধানে বারবার আমাকে পরাজিত করা হয়েছে। গত নির্বাচনেও মাত্র ৭ ভোটে আমাকে পরাজিত দেখানো হয়।”
তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচন সামনে এলেই একটি মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়। সরকারি পুকুরের মাছ লুটের গল্প তৈরি করে অপপ্রচার চালানোও তারই অংশ।”
পুকুরের ইজারার বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন, “এই পুকুর আমি তিন বছরের জন্য লিজ নিয়েছি এবং ১ লাখ ৪০ হাজার টাকা রাজস্ব জমা দিয়েছি।” এ সময় লিজের চালানপত্র দেখিয়ে তিনি বলেন, “আগামী ১৪৩৪ বাংলা সন পর্যন্ত আমার মেয়াদের বৈধতা আছে। তবুও এ বিষয়ে প্রশাসন যে সিদ্ধান্ত নেবে তা শিরোধার্য। কিন্তু নিয়ম অনুযায়ী পদক্ষেপ না নিয়ে, আমার লিজ নেওয়া পুকুর থেকে মাছ ধরার আগেই পরিকল্পিতভাবে ‘মাছ লুট’-এর কাহিনি সাজিয়ে আমার চরিত্র হননের চেষ্টা করা হয়েছে। আমি এই অপপ্রচারের নিরপেক্ষ তদন্তপূর্বক প্রশাসনের কাছে বিচার দাবি করছি। একই সঙ্গে দলের নেতাকর্মী ও দেশবাসী যাতে বিভ্রান্ত না হন, সেজন্যই আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন।”
বিএনপি নেতা দেলোয়ার আজীম আরও অভিযোগ করেন, একটি কুচক্রী মহল চাঁদা না পেয়ে এবং লিজের পুকুরের মাছ আত্মসাৎ করার উদ্দেশ্যেই এ ধরনের অসত্য তথ্য ছড়িয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরে মাছ লুটের কোনো ঘটনা না ঘটলেও একটি মহল প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে। ফলে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছালেও অভিযোগের কোনো সত্যতা বা প্রমাণ পাননি।
এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ইউনিয়ন পরিষদের পুকুর থেকে মাছ লুটের সংবাদটি সত্য নয়। বিএনপি নেতা দেলোয়ার আজীম পুকুরটি লিজ নিয়েছেন বলে আমাদের জানিয়েছেন। তাঁর জমা দেওয়া কাগজপত্র যাচাই-বাছাই করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ছবি ক্যাপশন (১): সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা দেলোয়ার আজীম।










