বাঁশখালীতে নিখোঁজের দুই দিন পর পুকুরে ভাসছিল বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ

চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের প্রায় ৩৫ ঘণ্টা পর পুকুর থেকে মো. জায়েদ চৌধুরী জায়ান (৭) নামে এক বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকার একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
নিহত জায়েদ চৌধুরী ওই এলাকার রুহুল কুদ্দুসের ছেলে। এর আগে গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এশার নামাজের পর বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে স্থানীয় বাসিন্দারা চৌধুরী পাড়া এলাকার একটি পুকুরে গোসল করতে গেলে একটি মরদেহ ভাসতে দেখেন। খবরটি জানাজানি হলে জায়েদের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি শনাক্ত করেন। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর শিশুটির মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় স্তব্ধতা বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুকুরিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুল মান্নান চৌধুরী বলেন, “মঙ্গলবার রাত থেকে শিশুটি নিখোঁজ ছিল। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। আজ সকালে পুকুরে মরদেহ ভেসে ওঠার পর স্থানীয়রা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।”







