ফটিকছড়ির ভূজপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ফটিকছড়ি উপজেলার নারায়নহাটে পুকুরে ডুবে সাইরা মনি (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে উপজেলার নারায়নহাট ইউনিয়নের পূর্ব শৈলকূপা গ্রামের পরাণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাইরা মনি ওই এলাকার আব্দুল হালিমের মেয়ে।
জানা যায়,ঘটনার দিন সকাল ১১টার দিকে সাইরা মনি বাবার সঙ্গে বাড়ির পাশের একটি দোকানে যায়। পরে বাবার কাছ থেকে লাচ্ছি নিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পরও সে বাড়িতে না পৌঁছালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে শিশুটির চাচা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ভাসতে দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় ভূজপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়নহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিন বলেন, শিশুটি খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।








