ফটিকছড়িতে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া মাদক কারবারি ফের আটক

ফটিকছড়িতে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া এক মাদক কারবারিকে চার ঘণ্টা পর আবারও আটক করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে জাফতনগর পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যান ইয়াসিন। পরে রাত ৮টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। ইয়াসিন জাফতনগর এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ ফকিরহাট-সংলগ্ন আমির আলী সওদাগর বাড়ির নিজের ঘর থেকে চার গ্যালন মদসহ ইয়াসিনকে আটক করেন জাফতনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে ফাঁড়িতে নিয়ে আসা হয়। সেখানে অবস্থানকালে ইয়াসিন প্রস্রাব করার কথা বলে হ্যান্ডকাফ পরা অবস্থায় বাইরে বের হন। একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যান তিনি।
এ বিষয়ে জানতে জাফতনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র মল্লিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে খুদেবার্তা পাঠানো হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের হাত ফসকে আসামি পালিয়ে গেলেও অভিযান চালিয়ে তাকে আবারও আটক করা হয়েছে। ইতোমধ্যে তাকে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।











