ফটিকছড়িতে বাস–মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল আরও একজনের, নিহত বেড়ে ৪

চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত আরও এক তরুণের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।
মঙ্গলবার (১০ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পইন্ন্যা ত্রিপুরা (২৫)। তিনি হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল নলুয়া পাড়ার বাসিন্দা মন্দারাম ত্রিপুরার ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. আইয়ুব।
এর আগে সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাগাজি দিঘী মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা ৪ জনের মৃত্যু হয়েছে এবং শিশুসহ বাসের অন্তত ১৭জন যাত্রী আহত হন।
এছাড়া অন্য নিহতরা হলেন- একই এলাকার যোগেশ উরাংয়ের ছেলে উত্তম উরাং (১৮), তপন উরাংয়ের ছেলে তপু উরাং (১৪) এবং রাম উরাংয়ের ছেলে নয়ন উরাং (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকছড়িতে একটি অনুষ্ঠান শেষে যাত্রীবাহী বাসটি চট্টগ্রামের বোয়ালখালীর দিকে যাচ্ছিল। পথে পেলাগাজি দিঘী মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে পইন্ন্যা ত্রিপুরার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. আইয়ুব বলেন, নিহত তিন কিশোর স্কুল বন্ধ থাকায় নাজিরহাটে পইন্ন্যা ত্রিপুরার সাথে রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতে গিয়েছিল। কাজ শেষে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হয়।








