ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের সভা, মামলায় আসামি ২৯

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে অনুষ্ঠিত একটি মতবিনিময় সভাকে কেন্দ্র করে মামলা করেছে থানা-পুলিশ। মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলম ও সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহার অনুযায়ী, আসামিদের মধ্যে উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাঈদ ইরান, ছাত্রলীগ নেত্রী সাবরিনা চৌধুরী এবং উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী রয়েছেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাইজভান্ডার দরবার শরিফ-সংলগ্ন রোসাংগিরী এলাকার একটি বিশ্রামাগারে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের ব্যানারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মী অংশ নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সভার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালান। তবে তাঁদের পৌঁছানোর আগেই অংশগ্রহণকারীরা স্থান ত্যাগ করেন বলে জানিয়েছে পুলিশ।
সূত্র জানায়, সভাস্থল হিসেবে ব্যবহৃত বিশ্রামাগারটি মাইজভান্ডারি ভক্তদের জন্য নির্মিত এবং সাবেক মেয়র মনজুর আলমের অর্থায়নে পরিচালিত হয়ে আসছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।








