ফটিকছড়িতে ক্লিনিক-সংক্রান্ত প্রতিবেদনের জেরে সাংবাদিককে হুমকি: জিডি

=চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ক্লিনিক নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রকাশ্যে হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে ফটিকছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক মানবকণ্ঠের ফটিকছড়ি প্রতিনিধি শাহনেওয়াজ নাজিম।
জিডি ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি প্রসূতি নারীর মৃত্যুর ঘটনায় আলোচিত এবং পরে প্রশাসনের উদ্যোগে সিলগালা করা ‘ফটিকছড়ি সেবা ক্লিনিক অ্যান্ড ল্যাব ইন’–এর কার্যক্রম, লাইসেন্স ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে ‘দৈনিক ফটিকছড়ি সংবাদ’ নামে একটি ফেসবুক পেজে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করা হয়। এসব সংবাদ প্রকাশের পর থেকে তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন শাহনেওয়াজ নাজিম।
অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুন ফটিকছড়িতে বিএনপির একটি কর্মসূচি চলাকালে যুবদল নেতা আহমেদ রশিদ চৌধুরী সাংবাদিক শাহনেওয়াজ নাজিমকে প্রকাশ্যে হুমকি দেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। একপর্যায়ে তাঁর পাঞ্জাবির কলার ধরে টানাহেঁচড়া করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
শাহনেওয়াজ নাজিম বলেন, জনস্বার্থে তথ্য-উপাত্ত যাচাই করে সংবাদ প্রকাশ করেছি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হুমকি ও লাঞ্ছনার ঘটনা উদ্বেগজনক। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অভিযুক্ত ব্যক্তিকে সাংবাদিকের সঙ্গে উত্তেজিত ভাষায় কথা বলতে দেখা যায়।
ঘটনার নিন্দা জানিয়ে ফটিকছড়িতে কর্মরত সাংবাদিক নেতারা বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া বা লাঞ্ছিত করা স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আহমেদ রশিদ চৌধুরী। তিনি বলেন, একটি ফেসবুক পেজে সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করে প্রতিষ্ঠানের মানহানি করার চেষ্টা করা হয়েছে। তবে তাঁকে হুমকি দেওয়া বা লাঞ্ছিত করার অভিযোগ সঠিক নয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








