ফটিকছড়িতে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এসময় ফটিকছড়ি থানার ওসি মুহাম্মদ সেলিম, ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বৃহত্তর ফটিকছড়ি এলাকার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে অবৈধভাবে মাটি কাটা, গাছ নিধন ও বালু উত্তোলন বন্ধ, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, বিভিন্ন স্থানে জুয়ার আসর বন্ধ করা, ঈদকে সামনে রেখে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া, ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি উপজেলার বিভিন্ন স্থানে জুয়ার আসর ও অবৈধ বালু উত্তোলনের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
সভায় সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে ফটিকছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।








