ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়িতে বাড়ির খোলা সেপটিক ট্যাংকে পড়ে মো. সাঈদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের গোলাপ চৌধুরীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাঈদ ওই এলাকার বাসিন্দা আখতার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় অন্য শিশুদের সঙ্গে বাড়ির আঙিনায় খেলছিল সাঈদ। একপর্যায়ে অসাবধানতাবশত সে বাড়ির খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে তার চাচা রশি বেঁধে ট্যাংকের ভেতরে নেমে শিশুটিকে উদ্ধার করেন। দ্রুত তাকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাড়িটির সেপটিক ট্যাংকের ঢাকনা প্রায় ছয় মাস ধরে খোলা ছিল। বিষয়টি একাধিকবার বাড়ির মালিককে জানিয়ে সতর্ক করা হলেও ট্যাংকটি ঢেকে দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যথাসময়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হলে এ মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

বাড়িটির মালিক ও স্থানীয় একটি মাদ্রাসার সুপার মাওলানা শামসুল ইসলাম বলেন, ‘আমার ভবনে দুটি পরিবার ভাড়া থাকে। ভবনের সেপটিক ট্যাংকে ঢাকনা লাগানো ছিল। কবে বা কারা ঢাকনাটি সরিয়েছে, তা আমার জানা নেই। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’

এদিকে শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সেপটিক ট্যাংকটি খোলা থাকার বিষয়টি জানানো সত্ত্বেও কেন নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় কারও অবহেলা ছিল কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, ‘মরদেহ উদ্ধারের পর পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। অবহেলার বিষয়টি খতিয়ে দেখতে আমরা কাজ করছি। পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’




ফজরের নামাজের পর উদ্বোধনী বয়ানে শুরু নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ইসলামি সম্মেলন

ফজরের নামাজের পর উদ্বোধনী বয়ানে শুরু নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ইসলামি সম্মেলন
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দীনি শিক্ষা ও আধ্যাত্মিক প্রতিষ্ঠান জামিয়া ওবাইদিয়া নানুপুরের দুই দিনব্যাপী বার্ষিক ইসলামি সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফজরের নামাজের পর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সম্মেলনটি আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) পর্যন্ত চলবে।

সম্মেলনকে ঘিরে নানুপুর ও আশপাশের এলাকায় ধর্মীয় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আড়াই লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লির মেহমানদারির লক্ষ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ ব্যাপক আয়োজন সম্পন্ন করেছে।

মাদ্রাসা কর্তৃপক্ষের প্রত্যাশা, এবারের সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা ইসলামি স্কলার, বরেণ্য আলেমে দীন, লেখক, গবেষক, ইসলামি চিন্তাবিদ ও পীর-মাশায়েখরা অংশগ্রহণ করবেন। পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

জামিয়া সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা ইতোমধ্যে নানুপুরে আসতে শুরু করেছেন। অনেকে দলবদ্ধভাবে যানবাহন ভাড়া করে সম্মেলনে যোগ দিতে রওনা হয়েছেন। এদিকে বিভিন্ন স্থান থেকে দানশীল ব্যক্তিদের পক্ষ থেকে গরু, ছাগল, মহিষ ও ভেড়াসহ বিভিন্ন ধরনের পশু এবং খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাচীন ও ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত জামিয়া ওবাইদিয়া নানুপুর দীর্ঘদিন ধরে দীনি শিক্ষা, ইসলামের প্রচার-প্রসার এবং আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি সারা দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে একটি পরিচিত আধ্যাত্মিক মারকাজ হিসেবে সমাদৃত। প্রতিবছর এ সম্মেলনে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটে।

জামিয়ার মহাপরিচালক আল্লামা শাহ সালাহউদ্দিন পীর সাহেব নানুপুরী বলেন, সম্মেলনে আগত লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লির মেহমানদারির জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশ-বিদেশ থেকে আগত ওলামায়ে কেরাম ও ওয়ায়েজিনে কেরামের মাধ্যমে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা ও নসিহত শোনার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, এ সম্মেলনের মূল উদ্দেশ্য হলো পবিত্র কোরআন ও সুন্নাহর শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, দীনি চেতনা জাগ্রত করা এবং মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ জোরদার করা।

সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা নিরলসভাবে কাজ করছেন। এদিকে জামিয়ার মহাপরিচালক দেশবাসীর প্রতি সম্মেলনের সার্বিক সফলতা, শান্তিপূর্ণ আয়োজন এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানিয়েছেন।

সব মিলিয়ে নানুপুর জামিয়া ওবাইদিয়ার দুই দিনব্যাপী বার্ষিক ইসলামি সম্মেলনকে ঘিরে চট্টগ্রামসহ সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।




ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সংবিধান অনুমোদন, সদস্য ফরম বিতরণ শুরু

ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সংবিধান অনুমোদন, সদস্য ফরম বিতরণ শুরু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সংবিধান অনুমোদন এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির লক্ষ্যে সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার নারায়ণহাটে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান, উদ্যোক্তা ও সহ-সভাপতি আজগর সালেহী, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আক্তারুজ্জামান রুবেল, সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইফুদ্দিন, অর্থ সম্পাদক সাজ্জাদুল হাসনাত, দপ্তর সম্পাদক রাহাতুল আরেফিন, প্রচার সম্পাদক মোহাম্মদ মুন্না, সমাজসেবা সম্পাদক মো. তাসকিন রুবেল এবং সদস্য শিকু ওরাং।

সভাপতি কামাল উদ্দিন বলেন, এখন থেকে প্রেসক্লাবের সব কার্যক্রম অনুমোদিত সংবিধান অনুযায়ী পরিচালিত হবে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন সদস্যদের দ্রুত সদস্য ফরম পূরণ করে জমা দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সংগঠনের সুষ্ঠু পরিচালনা, শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে একটি সুস্পষ্ট সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করা হবে।

এ সময় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সদস্যপদ প্রদান, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।




ফটিকছড়িতে রুজি হত্যা মামলার আসামি ২২ বছর পর গ্রেপ্তার

ফটিকছড়িতে রুজি হত্যা মামলার আসামি ২২ বছর পর গ্রেপ্তার
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়িতে রুজি আক্তার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাছিরকে দীর্ঘ ২২ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই নয়াহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)।

গ্রেপ্তার মো. নাছির (৪৮) ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকার আমির হোসেনের ছেলে। দীর্ঘদিন তিনি ওমানে অবস্থানের পর দেশে ফিরে নাম পরিবর্তন করে মো. আজম পরিচয়ে বসবাস করছিলেন।

এসআরবি-৭ সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১৬ মে রুজি আক্তারের মরদেহ তাঁর বসতবাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ময়নাতদন্তে তাঁকে ধর্ষণের পর হত্যার বিষয়টি স্পষ্ট হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. আবু তাহের ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্তে জানা যায়, প্রতিবেশী আবদুল মান্নান নামে এক ব্যক্তি রুজি আক্তারকে উত্ত্যক্ত করতেন। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর সঙ্গে বিরোধ তৈরি হয়।

২০০৪ সালের ১৫ মে রাতে রুজি ঘর থেকে বের হলে আবদুল মান্নান ও নাছির তাঁকে তুলে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে পরিচয় প্রকাশের আশঙ্কায় তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর আরও দুজনের সহযোগিতায় মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন নাছির। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে এসআরবি-৭-এর একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, রুজি আক্তার হত্যা মামলাটি পুরোনো। এ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাছিরকে ২২ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।