ফটিকছড়িতে রুজি হত্যা মামলার আসামি ২২ বছর পর গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে রুজি আক্তার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাছিরকে দীর্ঘ ২২ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই নয়াহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)।
গ্রেপ্তার মো. নাছির (৪৮) ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকার আমির হোসেনের ছেলে। দীর্ঘদিন তিনি ওমানে অবস্থানের পর দেশে ফিরে নাম পরিবর্তন করে মো. আজম পরিচয়ে বসবাস করছিলেন।
এসআরবি-৭ সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১৬ মে রুজি আক্তারের মরদেহ তাঁর বসতবাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ময়নাতদন্তে তাঁকে ধর্ষণের পর হত্যার বিষয়টি স্পষ্ট হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. আবু তাহের ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্তে জানা যায়, প্রতিবেশী আবদুল মান্নান নামে এক ব্যক্তি রুজি আক্তারকে উত্ত্যক্ত করতেন। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর সঙ্গে বিরোধ তৈরি হয়।
২০০৪ সালের ১৫ মে রাতে রুজি ঘর থেকে বের হলে আবদুল মান্নান ও নাছির তাঁকে তুলে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে পরিচয় প্রকাশের আশঙ্কায় তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর আরও দুজনের সহযোগিতায় মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন নাছির। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে এসআরবি-৭-এর একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, রুজি আক্তার হত্যা মামলাটি পুরোনো। এ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাছিরকে ২২ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।











