প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা
ছবি সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময়ে অংশ নিতে সচিবালয়ে প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১টার দিকে তারা সচিবালয়ে প্রবেশ করেন।

প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ নিয়ে সেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেন বিরোধীদলীয় নেতা।

এরই ধারাবাহিকতায় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শুরু হচ্ছে।




আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন রয়েছে: আইনমন্ত্রী

আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন রয়েছে: আইনমন্ত্রী
ছবি সংগৃহীত।

আওয়ামীলীগকে নিষিদ্ধ করার জন্য আইনগত পদক্ষেপের বিষয় বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিক আইনমন্ত্রীকে প্রশ্ন করেন, নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। কিন্তু আওয়ামীলীগকে নিষিদ্ধের বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে কী না।

জবাবে আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগের এই বিষয়টি বিবেচনায় রয়েছে।
এসময় সাংবাদিকরা তাকে সম্প্রতি গোপালগঞ্জসহ সারাদেশে হামলার বিষয়ে আলাদা কোনো ট্রাইবুনাল গঠনের সুযোগ রয়েছে কী না জানতে চান।

আইনমন্ত্রী বলেন, আমরা খতিয়ে দেখছি আইনগত দিকগুলো। যেটা আইনি প্রক্রিয়া পারমিট করে, আমরা সেই পথে আগাবো।
এরপর সাংবাদিকরা শেখ হাসিনার মামলাগুলোর বিচারে কোনো ট্রাইবুনাল হবে কী না, জানতে চান। জবাবে তিনি বলেন, আলাদা ট্রাইব্যুনাল একজনের জন্য করার প্রয়োজন নাই। আইনি প্রক্রিয়ায় চলবে। আমরা একজনের জন্য আলাদা ট্রাইব্যুনাল করতে হবে সেটার পক্ষে না। যতগুলো আদালতে মামলা হয়েছে, যতগুলো জুরিসডিকশন আছে, ততগুলো ওখানেই বিচার হবে।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আসাদুজ্জামান বলেছেন, গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত, তাদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। জেন-জি প্রজন্মের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, সেই পথ ধরেই দেশকে এগিয়ে নিতে হবে।

আইনমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসনের জন্য সংগ্রাম করতে গিয়ে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের দীর্ঘ সময় নানা নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে। এ সময়ে প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে, যেসব ঘটনাকে ক্রসফায়ার হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। সাত শতাধিক সহযোদ্ধাকে গুম করা হয়েছে, যাদের অনেকেই এখনো ফিরে আসেননি। অনেক পরিবার এখনো নিখোঁজ স্বজনের অপেক্ষায় দিন কাটাচ্ছে।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে জেন-জি প্রজন্ম যে সাহসী ভূমিকা রেখেছে, তা জাতি আজীবন স্মরণ রাখবে। ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাত্র ২০-২১ দিনের আন্দোলনে তরুণেরা রাজপথে যে সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছে, তা অনন্য। এ আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ সহযোদ্ধাকে হারাতে হয়েছে। প্রায় ৩০ হাজার তরুণ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। আবু সাঈদ, মুগ্ধ ও আনাসের মতো তরুণদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।




ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী

ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী
ছবি সংগৃহীত।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তিরা দেশে ও প্রশাসনের ভেতরে সক্রিয় হয়ে উঠছে। তাদের তো অবৈধ টাকার অভাব নেই। এই টাকা দিয়ে সন্ত্রাসী টোকাইদের দিয়ে এখন বাড়ি-গাড়িতে আগুন লাগাচ্ছে।

তিনি বলেন, শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়ি নয়, গণতান্ত্রিক সংগ্রামে অংশ নেওয়া ভিন্ন দলের নেতাদের বাড়িতেও আগুন দিচ্ছে। এই মদদটা আসছে পার্শ্ববর্তী দেশ থেকে। শেখ হাসিনার লাশ দরকার, তার দলের নেতাকর্মীর লাশ হলেই তার ভালো হয়। আন্দোলন বেগবান করার জন্যই তার লাশ দরকার।

তরিকুল ইসলামকে নিয়ে বিএনপি মহাসচিব বলেন, আজীবন সংগ্রামী কিংবদন্তিতুল্য নেতা মরহুম তরিকুল ইসলাম সারাজীবন মা, মাটি ও মানুষের জন্য রাজনীতি করেছেন। তিনি একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ ছিলেন। তিনি যশোরের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছেন। গণতন্ত্রের জন্য আমৃত্যু লড়াই করেছেন। খালেদা জিয়া যখনই আন্দোলন-সংগ্রামের ঘোষণা করতেন, তখন যার নাম প্রথমে নিতেন সেই নামটি ছিল তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম বারডেম হাসপাতালে ভর্তি থাকাকালীন সময়েও খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের দায়িত্ব দিয়েছিলেন তাকে। সেখান থেকেই তরিকুল ইসলাম আন্দোলন চালিয়েছিলেন। তিনি কখনো দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি।

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন বিএনপির বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, জেলা জামায়াতের আমির গোলাম রসুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও ছেলে বিদ্যুৎ, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।




মামুনুল হক

ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অপশক্তি মোকাবিলা করবে ১১ দল

ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অপশক্তি মোকাবিলা করবে ১১ দল
ছবি সংগৃহীত।

দেশের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত, আধিপত্যবাদী অপশক্তিকে ১১ দল মোকাবিলা করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক ছিল। দেশের বর্তমান চলমান রাজনৈতিক এবং সার্বিক পরিস্থিতি নিয়ে এখানে আলোচনা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিগত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি বাংলাদেশের জনগণের জানমালের ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে। জনমনে আতঙ্ক তৈরি করে তারা তাদের প্রকৃত পরিচয় নতুন করে বাংলাদেশের মানুষকে এবং বিশ্ববাসীকে জানান দিচ্ছে। এ অবস্থায় দায়িত্বশীল বিরোধীদল হিসেবে আমরা আমাদের করণীয় নির্ধারণে বৈঠকে মিলিত হয়েছি।

মামুনুল হক আরও বলেন, আমরা ইস্পাতকঠিন যে ঐক্যের বার্তা জাতির কাছে দিতে চাই, সেটা হলো যে কোনো মূল্যে এই ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত, আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক এই অপশক্তিকে রুখতে হবে। আমরা দেশের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে এর মোকাবিলা করবো। জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সে ঐক্যই বাংলাদেশের রক্ষাকবচ। সে ঐক্যে কোনো বিভেদ বা ফাটল তৈরা হওয়া বাংলাদেশেকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, যেসব রাজনৈতিক দলের নেতাকর্মীরা এরইমধ্যে নৈরাজ্যবাদীদের হামলায় শাহাদাতবরণ করেছেন জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে রাস্তাঘাটে যানবাহনে আগুন লাগানো হয়েছে-যারা এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবার প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা ও সহানুভূতি।

সরকার কঠোর হাতে এই নৈরাজ্যকে দমন করবে-এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এখানে অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে আরও কার্যকর ভূমিকা জরুরি। তবে, প্রশাসন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এরইমধ্যে যতজনের প্রাণ গেছে সব পরাজিত শক্তির হামলায় হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও সজাগ ভূমিকা প্রত্যাশা করি। তবে, মনে করি না প্রশাসনের ব্যর্থতা রয়েছে।

অবশ্যই মাঠপর্যায়ে দায়িত্বশীলদের মাধ্যমে সরকারের মনোভাবের প্রতিফলন ঘটে উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকার ইসলামপন্থিদের দমনে কঠোর মনোভাবাপন্ন ছিল। বর্তমান সরকার বিরোধী মত দমনের পথে ততটা নৃশংস নয়। পরিস্থিতি মূল্যায়নের জন্য আরও সময়ের প্রয়োজন।