পটিয়ায় জলাবদ্ধতায় একমাত্র ঠিকানা হারিয়ে নির্বাক অপু বিশ্বাস: মাটির ঘর ভেঙে বিলীন, প্লাস্টিকের বিছানায় রাত কাটছে রিকশাচাল...
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

পটিয়ায় জলাবদ্ধতায় একমাত্র ঠিকানা হারিয়ে নির্বাক অপু বিশ্বাস: মাটির ঘর ভেঙে বিলীন, প্লাস্টিকের বিছানায় রাত কাটছে রিকশাচালক ও বৃদ্ধ মায়ের

পটিয়ায় জলাবদ্ধতায় একমাত্র ঠিকানা হারিয়ে নির্বাক অপু বিশ্বাস: মাটির ঘর ভেঙে বিলীন, প্লাস্টিকের বিছানায় রাত কাটছে রিকশাচালক ও বৃদ্ধ মায়ের
ছবি সংগৃহীত।

জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা যে ঘরটির, সেই ঘরই এখন নেই। জলাবদ্ধতায় মাটির ঘরটি ভেঙে গুঁড়িয়ে গেছে রিকশাচালক অপু বিশ্বাসের। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখন নিজের বাড়ির উঠানে প্লাস্টিক বিছিয়ে রাত কাটছে তাঁর।

পটিয়া উপজেলার মধ্যম কালিয়াইশ ৬ নম্বর ওয়ার্ডের শোভনদণ্ডী এলাকার মৃত বিশ্বেশ্বর বিশ্বাস ও বীণাপাণি বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস পেশায় একজন রিকশাচালক। দিনভর রিকশা চালিয়ে যে সামান্য আয় করেন, তা দিয়ে কোনো রকমে চলে সংসার। এর মধ্যে টানা জলাবদ্ধতায় তাঁর একমাত্র মাটির ঘরটি ভেঙে পড়ায় পরিবারটি হয়ে পড়েছে আশ্রয়হীন।

ঘর হারানোর পর কয়েক দিন পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন অপু ও তাঁর পরিবারের সদস্যরা। পরে বাধ্য হয়ে নিজেদের ভিটায় ফিরে আসেন। কিন্তু সেখানে এখন কোনো ঘর নেই, নেই নিরাপদ আশ্রয়ও।

এলাকার বাসিন্দা শওকত হোসেন বলেন, বর্তমানে বাড়ির উঠানে প্লাস্টিক বিছিয়ে কোনোমতে রাত কাটাচ্ছেন অপু বিশ্বাস। রিকশা চালিয়ে সংসার চালানো অপুর পক্ষে নতুন করে ঘর নির্মাণ করা প্রায় অসম্ভব।

মানবিক সংগঠক শফিকুল আলম বশর বলেন, সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য অপুর বৃদ্ধ মাকে ঘিরে। ছেলের অসহায়ত্ব দেখে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "বাবা, রাতে ঘুমানোর জায়গা নেই। আমার ছেলেকে একটা ঘর করে দে।" তিনি সরকার, বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোকে অপুর পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অপু বিশ্বাস জানান, জলাবদ্ধতায় ঘরটি ভেঙে যাওয়ার পর তিনি পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরোবরে লিখিত আবেদন করেছেন। তবে এখনো কোনো সহায়তা পাননি। স্থানীয় কোনো সংস্থা বা ব্যক্তিও তাঁর পরিবারের পাশে এগিয়ে আসেননি বলে জানান তিনি।

প্রতিদিন রিকশা নিয়ে জীবিকার সন্ধানে বের হন অপু। মানুষকে গন্তব্যে পৌঁছে দিলেও দিন শেষে নিজের পরিবারের জন্য একটি নিরাপদ ঠিকানা নিশ্চিত করতে পারছেন না তিনি। যে ঘরে ফিরে পরিবারের সঙ্গে রাত কাটানোর কথা, সেই ঘরটিই আজ তাঁর নেই।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর তালিকা তৈরি করে সরকারি সহায়তার আওতায় আনার কাজ চলছে। পর্যায়ক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও মানবিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অপুর প্রয়োজন বড় কোনো প্রাসাদ নয়; প্রয়োজন একটি ছোট ঘর, যেখানে বৃদ্ধ মা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, বৃষ্টির পানি থেকে রক্ষা পাবেন। সারা দিন রিকশা চালিয়ে ক্লান্ত হয়ে ফেরা অপুও যেন বলতে পারেন, এটাই আমার ঘর, এটাই আমার ঠিকানা।




বাঁশখালীতে প্রধানমন্ত্রীর জনসমাবেশে আওয়ামী দোসর! সাংবাদিকদের মঞ্চ দখল করে ছবি তুলছেন যুবলীগ নেতা!

বাঁশখালীতে প্রধানমন্ত্রীর জনসমাবেশে আওয়ামী দোসর! সাংবাদিকদের মঞ্চ দখল করে ছবি তুলছেন যুবলীগ নেতা!
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের বাঁশখালীতে প্রধানমন্ত্রীর জনসমাবেশে আওয়ামী দোসরের অংশগ্রহণে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর হাত থেকে উপহারের ঘরের চাবি নিয়েছেন আওয়ামী লীগকর্মী এবং সাংবাদিকদের মঞ্চ দখল করে ছবি তুলছেন যুবলীগ নেতা।

খোদ সমাবেশ চলাকালেই এটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এর মধ্যে মোহাম্মদ হারুন নামে এক আওয়ামী লীগকর্মীকে প্রধানমন্ত্রীর হাত থেকে উপহারের ঘরের চাবি নিতে দেখা গেছে। খানখানাবাদ ইউনিয়নের পূর্ব ডোংরা গ্রামের বাদশা মিয়ার ছেলে আওয়ামী লীগকর্মী মোহাম্মদ হারুন জনসমাবেশে প্রধানমন্ত্রীর হাত থেকে উপহারের ঘরের চাবি গ্রহণ করেন। তা ছাড়া তাঁর বাড়িটি বিধ্বস্ত না হলেও তাঁকে উপহারের ঘর দেওয়ার ঘটনায় সমালোচনা সৃষ্টি হয়েছে। এই ঘটনায় খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা জড়িত বলে জানিয়েছেন ক্ষোভ প্রকাশকারী নেতাকর্মীরা। তাঁরাই এই তালিকা করেছেন বলে জানা গেছে।

অপরদিকে যুবলীগ নেতা মোহাম্মদ আমিনকে দেখা গেছে সমাবেশ মঞ্চের সামনে। টিভি সাংবাদিকদের জন্য নির্মিত স্টেজে উঠে ছবি তুলতে দেখা গেছে তাঁকে। কখনো দাঁড়িয়ে, কখনো ছবি তোলার স্টেজেরই চেয়ারে বসেছেন কালীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম। এ সময় চরম বিরক্তি প্রকাশ করেন সমাবেশে আগতরা।

ক্ষুব্ধ নেতাকর্মীরা তাঁকে একাধিকবার নেমে যেতে বললেও তিনি তাতে ভ্রুক্ষেপ না করে সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত ওভাবেই দাঁড়িয়ে থাকেন।

স্থানীয়রা জানান, কালীপুর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আমিন একজন যুবলীগ নেতা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি। ৫ আগস্টের পর থেকে সাংবাদিক পরিচয় দিয়ে সর্বত্র বিচরণ করছেন এই আমিন। এ নিয়ে পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হলেও প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের টনক নড়েনি।

এদিকে সমাবেশমঞ্চের কার্ড বিতরণ নিয়েও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। তাঁদের অভিযোগ, অনেক ত্যাগী নেতাকে মঞ্চে যাওয়ার কার্ড দেওয়া হয়নি। বক্তব্য দিতে দেওয়া হয়নি অনেক জ্যেষ্ঠ নেতাকে। প্রধানমন্ত্রী সমাবেশস্থলে আসার আগে প্রচুর সময় ছিল। চাইলে এক-দুই মিনিট করে অনেক নেতা বক্তব্য দিতে পারতেন। কিন্তু ২-৩ জন সারাক্ষণ বক্তব্য দিয়ে মাইক ধরে রেখেছেন। এ নিয়ে ক্ষুব্ধ বহু নেতাকর্মীকে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝাড়তে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, বহু আওয়ামী লীগ নেতা-কর্মীকে এখানে কার্ড দেওয়া হয়েছে। এক আওয়ামী লীগকর্মী ও ডাকাত-সন্ত্রাসীকে প্রধানমন্ত্রীর হাত থেকে ঘরের চাবি নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে ত্যাগী নেতাকর্মীরা ছিলেন উপেক্ষিত।

বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার জানান, প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণের এই তালিকা একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তালিকায় কীভাবে আওয়ামী লীগের দোসরের নাম এল, তা আমার জানা নেই।




জনগণের স্বার্থে জ্বালানি-বিদ্যুৎ খাত নতুন করে সাজানোর উদ্যোগ: প্রধানমন্ত্রী

জনগণের স্বার্থে জ্বালানি-বিদ্যুৎ খাত নতুন করে সাজানোর উদ্যোগ: প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের বাঁশখালীতে সমুদ্রসৈকতে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতকে জনগণের স্বার্থে নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত স্বৈরাচার আমলে এ খাত গুটিকয়েক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল অভিযোগ করে তিনি বলেন, তাদের স্বার্থ হাসিলের জন্য নেওয়া বিভিন্ন পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে ছিল না।

রোববার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশের জ্বালানি ও বিদ্যুৎ ব্যবস্থাকে জনগণের স্বার্থে পরিকল্পিতভাবে সাজানোর কাজ শুরু হয়েছে। এ জন্য কিছুটা সময় প্রয়োজন। ইতোমধ্যে সরকার এ বিষয়ে কাজ শুরু করেছে।

আগামী ১০ বছরের জন্য দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে জানিয়ে তারেক রহমান বলেন, পরিকল্পনা অনুযায়ী দেশের স্কুল-কলেজ, হাসপাতাল, শিল্পকারখানা ও বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি যানবাহনের প্রয়োজনীয় গ্যাস সরবরাহের ব্যবস্থাও করা হবে।

তিনি বলেন, আগামী ১০ বছরে বাংলাদেশের জ্বালানি পরিকল্পনা কী হবে এবং বিদ্যুৎ ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে, সেই প্রস্তাবনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। সংসদে পরিকল্পনা উপস্থাপনের মধ্য দিয়েই এর বাস্তবায়ন শুরু হবে।

জ্বালানি খাত নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, বিগত কিছুদিন ধরে গুটিকয়েক মানুষ এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। কারও কোনো পরিকল্পনা থাকলে তা জনগণের সামনে উপস্থাপন করতে হবে। বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনগণের শান্তি নষ্ট করা যাবে না।

দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে জ্বালানি ও নিরাপত্তার সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আনতে হলে দেশে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। বিনিয়োগকারীরা চান, তাদের কারখানায় উৎপাদিত পণ্য নির্বিঘ্নে বন্দরে যেতে পারবে এবং প্রয়োজনীয় কাঁচামালও সঠিকভাবে আনা সম্ভব হবে। শিল্পকারখানা সচল রাখতে হলে বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা জরুরি।

আনোয়ারায় চীনা বিনিয়োগের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, আনোয়ারায় চীনকে একটি বড় জায়গা দেওয়া হয়েছে। চীন সফরে দেশটির সংশ্লিষ্টদের সঙ্গে তিনি এ বিষয়ে আলোচনা করেছেন। সেখানে কয়েকশ মিল-কারখানা তৈরি করা হবে। এসব শিল্পকারখানায় চট্টগ্রামের বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর ফলে একদিকে বেকারত্বের সমস্যা কমবে, অন্যদিকে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে উল্লেখ করে তারেক রহমান বলেন, অর্জিত বৈদেশিক মুদ্রার মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী করা সম্ভব হবে।

কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, শুধু ধান, পাট, শাকসবজি বা অন্যান্য ফসল উৎপাদনকারীরাই কৃষক কার্ড পাবেন না; বাঁশখালীর লবণচাষিরাও এ কার্ডের আওতায় আসবেন।

লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, আলোচনা করে লবণের এমন একটি মূল্য নির্ধারণ করা হয়েছে, যাতে লবণচাষিরা স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারেন। আগামী কিছুদিনের মধ্যে নির্ধারিত মূল্য সবাইকে জানিয়ে দেওয়া হবে। এতে লবণচাষিদের আগের মতো দুর্ভোগ পোহাতে হবে না বলেও আশ্বাস দেন তিনি। সমাবেশে বাঁশখালী উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া চলতি অর্থবছরে সারা দেশে প্রায় ৪১ লাখ পরিবারের মায়ের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। এর অংশ হিসেবে বাঁশখালী এলাকায় ১০ থেকে ১২ হাজার পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।




বাঁশখালীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা

বাঁশখালীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর উপহারের নির্মিত ঘরগুলোর মান নিম্ন হওয়ায় তা বসবাসের অনুপযোগী বলে দাবি করছেন স্থানীয়দের একাংশ।

চট্টগ্রামের বাঁশখালীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নির্মিত ঘরগুলোর নিম্নমান ও নকশা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় অধিবাসীদের একাংশ এসব ঘরের অবকাঠামোকে অপ্রতুল উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিটি ঘরের জন্য এক লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও বাস্তবে তার অর্ধেক মূল্যমানের কাজও হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

জানা গেছে, বন্যা উপদ্রুত বাঁশখালী পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত জনগণের খোঁজখবর নিতে রবিবার প্রধানমন্ত্রীর আগমনের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে প্রথম ধাপে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ১০টি করে মোট ১০০টি ঘর তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী রবিবার ক্ষতিগ্রস্তদের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব ঘরের চাবি হস্তান্তর করবেন। প্রতিটি ঘর নির্মাণের জন্য বরাদ্দ রাখা হয় ১ লাখ ৩১ হাজার টাকা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৮ হাত প্রস্থ ও ১২ হাত দৈর্ঘ্য বিশিষ্ট দ্বিমুখী চালের (দ্বি-চালা) এসব ঘরে ব্যবহার করা হয়েছে সাধারণ খুঁটি (পিলার), কাঠ ও টিন। ঘরে কোনো বারান্দা নেই। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পৌরসভার তত্ত্বাবধানে জরুরি ভিত্তিতে দ্রুত এসব ঘর নির্মাণ করা হয়েছে। নির্মাণকাজে যুক্ত শ্রমিক ও সংশ্লিষ্টরা জানান, মাত্র এক সপ্তাহের নোটিশে তাড়াহুড়ো করে ঘরগুলো তৈরি করতে হয়েছে। ফলে শ্রমিক বাবদ খরচ অনেকটাই বেশি পড়েছে। এছাড়া দুর্গত ও কাদা-পানিপূর্ণ স্থানে তড়িঘড়ি নির্মাণ করায় অনেক ঘরের অবস্থা বেহাল, যা বর্তমানে বসবাসের প্রায় অনুপযোগী। শনিবার সকাল থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় ও সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা নুরুল আমিন জানান, “১ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দের ঘরগুলো আরও মানসম্মত ও টেকসই করা যেত। তাড়াহুড়ো করে যে কাঠামো দাঁড় করানো হয়েছে, তাতে দীর্ঘমেয়াদে বসবাস করা কঠিন হবে।”

আবদুল মজিদ নামে অপর এক স্থানীয় অধিবাসী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ঘরের মান কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। সাধারণ টিনের বেড়া ও টিনের ছাউনির এই সংকীর্ণ ঘরে একটি পরিবার কীভাবে বসবাস করবে, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।”

অভিযোগের বিষয়ে সারল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকসানা আক্তার জানান, “ঘরগুলো দুই কক্ষবিশিষ্ট। অত্যন্ত কম সময়ে দ্রুততম প্রক্রিয়ায় নির্মাণ করতে হওয়ায় নান্দনিকতায় কিছুটা ঘাটতি থাকতে পারে, তবে একটি পরিবার স্বাভাবিকভাবে এখানে বসবাস করতে পারবে।” অতিরিক্ত শ্রমিক খরচের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, মাত্র ৪ থেকে ৫ দিনের মধ্যে ১০টি ঘরের নির্মাণকাজ সম্পন্ন করতে গিয়ে ব্যয় বৃদ্ধি পেয়েছে।

খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার জানান, তাঁর ইউনিয়নের ১০টি ঘর তৈরি করে উপজেলা প্রশাসনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। পুরো কাজ জেলা প্রশাসনের পক্ষ থেকেও তদারকি করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

তবে ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নুরুল হুদা জানান, বাঁশখালীতে প্রথম ধাপে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ঘর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সময় কম থাকায় তড়িঘড়ি করে নির্মাণকাজ শেষ করতে হয়েছে। পরবর্তীতে আরও বরাদ্দ আসবে এবং সে অনুযায়ী কাজ করা হবে।