পটিয়া পৌরসভাকে তামাকমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে আলোচনা সভা

ধূমপান ও তামাকমুক্ত পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামের পটিয়ায় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম নির্দেশিকা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার বাস্তবায়নাধীন ISITC-II প্রকল্পের আয়োজনে পটিয়া পৌরসভা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইএলজির পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) ও যুগ্মসচিব মো. কায়েসুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং পৌর সদস্য ডা. আবু তৈয়ব, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নেজামুল হকসহ তামাক নিয়ন্ত্রণ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ।
সভায় পটিয়া পৌরসভাকে একটি আদর্শ ধূমপান ও তামাকমুক্ত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকাগুলোর যথাযথ বাস্তবায়ন, তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারি নির্দেশনার কার্যকর বাস্তবায়নের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি সুস্থ, পরিচ্ছন্ন ও তামাকমুক্ত পৌরসভা গড়ে তুলতে সামাজিক সচেতনতা ও প্রশাসনিক উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পটিয়া পৌরসভাকে তামাকমুক্ত শহর হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।











