আতঙ্কে ভাড়াটিয়ারা
পটিয়ায় পাশের ভবনের দিকে হেলে পড়েছে বহুতল ভবন, ঝুঁকিতে ছয়তলা ভবন, বিভিন্ন ফ্ল্যাটের দেয়ালে ফাটল

পটিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটি ভবন পাশের আরেকটি বহুতল ভবনের দিকে হেলে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে হালিমা ম্যানশন নামের ছয়তলা ভবনটির চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার কয়েকটি ফ্ল্যাটের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন ভাড়াটিয়ারা। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন ভবনটির মালিক। এ ঘটনায় প্রতিকার চেয়ে হালিমা ম্যানশনের মালিক আহমদ উল্লাহ পটিয়া পৌরসভার প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে ভবনমালিক উল্লেখ করেন, আকস্মিক ভূমিকম্পের পর পাশের ভবনটি তাঁর ভবনের দিকে হেলে পড়ে। এতে হালিমা ম্যানশনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিষয়টি একাধিকবার পাশের ভবনের মালিককে জানানো হলেও তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি।
হালিমা ম্যানশনের মালিক আহমদ উল্লাহ জানান, তাঁর ভবনের উত্তর পাশের চতুর্থ তলার ‘বি’ নম্বর ফ্ল্যাটের দেয়ালে ফাটল ধরেছে। এ ছাড়া দক্ষিণ পাশের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার ফ্ল্যাটগুলোতেও পাশের ভবন হেলে পড়ার কারণে ফাটল সৃষ্টি হয়েছে। এতে আতঙ্কিত হয়ে অন্য ভাড়াটিয়ারাও বাসা ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন। তিনি জানান, ভবনটির ভাড়া দিয়েই তাঁর জীবিকা চলে।
ভবনমালিকের দাবি, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে উদ্বেগ থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নিজের ভবনের নিরাপত্তা নিশ্চিত করা ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে হেলে পড়া ভবনটির বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পৌর প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে পাশের ভবনের মালিক মো. হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আইয়ুব বাবুল মেয়র থাকাকালে একজন প্রকৌশলী এসে ভবনটি পরিদর্শন করেছিলেন। তখন তাঁরা জানিয়েছিলেন, ভবনটি হেলে পড়েনি। বরং হালিমা ম্যানশন ভবনেই সমস্যা রয়েছে বলে প্রকৌশলীরা তাঁকে জানিয়েছিলেন।
এ বিষয়ে পটিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান জানান, হালিমা ম্যানশন ছাড়াও এ ধরনের আরও কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।











