নির্বাচনী নিরাপত্তায় সিসি ক্যামেরা ও বডিঅন ক্যামেরা ব্যবহারের ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে টেকনাফের প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ‘বডিঅন’ ক্যামেরা ব্যবহারের ঘোষণা দিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আব্দুল মান্নান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফ সরকারি এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় ও টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। জেলা প্রশাসক বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সৎ ও দক্ষ কর্মকর্তাদের মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর।”
রোহিঙ্গা ভোটারদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে সতর্ক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে তিনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভায় দিকনির্দেশনা প্রদান করেন।
টেকনাফ উপজেলায় এবার ৬১ জন প্রিজাইডিং অফিসারসহ মোট ১ হাজার ২২৫ জন কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালন করবেন। উখিয়া-টেকনাফ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজিব ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







