নানুপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতিকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার অভিযোগ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতিকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
শুক্রবার (১৫ মে) রাতে সমিতির কার্যালয়ে আয়োজিত সম্মেলনে সমিতির সভাপতি রাশেদুল আলমকে উদ্দেশ্য করে ‘মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্য’ দেওয়ার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সহসাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাহের আলী। তিনি বলেন, নানুপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের সহযোগিতায় অরাজনৈতিকভাবে পরিচালিত হয়ে আসছে। ২০২৩ সালে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে বাজারের ইতিহাসে প্রথমবারের মতো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান কার্যকরী পরিষদ গঠন করা হয়। ওই নির্বাচনে বিপুল ভোটে রাশেদুল আলম সভাপতি নির্বাচিত হন।
বক্তব্যে আরও বলা হয়, দায়িত্ব গ্রহণের পর বর্তমান কমিটি বাজারের অবকাঠামো উন্নয়ন, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, দরিদ্র ও দুস্থদের শীতবস্ত্র প্রদান, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজন, নৈশপ্রহরীর সংখ্যা বৃদ্ধি, বাজারের নিরাপত্তা জোরদার, ডাস্টবিন স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সমিতির মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ আগে বাজারের ব্যবসায়ীদের নিয়ে সাধারণ সভার মাধ্যমে আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয় এবং নতুন নির্বাচন আয়োজনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সমাজসেবা কার্যালয়ে আবেদন করা হয়েছে।
ব্যবসায়ী নেতারা বলেন, আমরা সবসময় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে। ভবিষ্যতে যেই দায়িত্বে আসুক না কেন, বাজারের স্বার্থে তাকে সহযোগিতা করা হবে। তারা অভিযোগ করেন, সম্প্রতি একটি পক্ষ ব্যবসায়ী কল্যাণ সমিতিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে সভাপতি রাশেদুল আলমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে বাজারের সকল ব্যবসায়ী এই সমিতির সদস্য। ভবিষ্যতে ব্যবসায়ী সংগঠন নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান বক্তারা।
নেতৃবৃন্দ দৃঢ়তার সাথে বলেন, এটা ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট সংগঠন। কোনো ভাবেই রাজনৈতিক ট্যাগ লাগিয়ে সমিতির সদস্যদের বিব্রত বা হয়রানী কাম্য নয়। এটি হলে সংগঠনের ভাবমূর্তি নষ্টসহ সহাবস্থান অনিশ্চিত হবে এবং ব্যবসায়ীরাই এতে বেশি ক্ষতির শিকার হবে। তারা অবিলম্বে এসব মিথ্যা প্রপাগন্ডা থেকে সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ জানান এবং সমিতির কার্যক্রমকে আরোও গতিশীল করার আহবান জানান।
সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন সমিতির সহসভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। সমিতির পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে স্বতস্পূর্তভাবে এতাত্মতা পোষন করেন।








