নাইক্ষ্যংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪৬৫ কৃষকের পাশে দাঁড়াল কৃষি দপ্তর

নাইক্ষ্যংছড়িতে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়া ১,৪৬৫ জন কৃষককে সহায়তা দিয়েছে উপজেলা কৃষি দপ্তর।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক জানান, সম্প্রতি ঘটে যাওয়া টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া কৃষিক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
বিশেষ করে পেঁপে চাষের ক্ষতি সবচেয়ে বেশি। অন্তত ২৭ একর জমির রোপিত ২০ হাজার পেঁপে গাছের চরম ক্ষতি হয়েছে। অনেক গাছ ইতিমধ্যে মরে যাচ্ছে। এ ছাড়া লাউ, শসা, পুঁইশাক, কলমিশাক, মিষ্টি কুমড়া, বেগুন, চাল কুমড়া ও ধানের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে।
এ কারণে নাইক্ষ্যংছড়ি কৃষি দপ্তর ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে তাঁদের ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন সহায়তা প্রদান করছে।
তিনি জানান, প্রথম পর্যায়ে ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ক্ষতিগ্রস্ত ৫০০ জন কৃষকের মাঝে ৭ ধরনের সবজি বীজ (যেমন: লাউ, শসা, পুঁইশাক, কলমিশাক, মিষ্টি কুমড়া, বেগুন ও চাল কুমড়া) এবং প্রতিজনকে ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এ ছাড়া বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলার ৭৩০ জন কৃষকের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা, জৈব সার ও খুঁটি বিতরণ করা হয়েছে।
পাশাপাশি উপজেলার ২৩৫ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী আমন ধানের বীজ (জাত: বিআর২২) বিতরণ কার্যক্রম শেষের পথে।
স্থানীয় কয়েকজন পেঁপেচাষি জানিয়েছেন, উপজেলার প্রায় ৩০ একর জমির অন্তত ২০ থেকে ২২ হাজার পেঁপে গাছ ইতিমধ্যে মরে গেছে।
কৃষিবিদ এনামুল হক আরও বলেন, “নাইক্ষ্যংছড়ি কৃষি দপ্তর সবসময় কৃষকদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”











