নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা কমিটির সভা, চোরাচালান প্রতিরোধে জোর আলোচনা

নাইক্ষ্যংছড়ি উপজেলায় মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বেশ কিছু সুনির্দিষ্ট ও কঠোর পদক্ষেপ গ্রহণে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ, বান্দরবান জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার প্রতিনিধি ও সাবেক আমির রফিক আহমদ, নাইক্ষ্যংছড়ি থানার প্রতিনিধি পরিদর্শক (তদন্ত) মো. আসাদ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম (দৈনিক মানবজমিন), সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল (দৈনিক যুগান্তর), উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি জালাল উদ্দিন ফারুকী এবং সদস্য আলী আহমদ। এ ছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার সদস্য, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ও কক্সবাজার ৩৪ বিজিবির প্রতিনিধি, শিক্ষক এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে সীমান্তবর্তী এই উপজেলায় চোরাচালানসংক্রান্ত বিভিন্ন মামলার অগ্রগতি ও প্রতিরোধমূলক ব্যবস্থার বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
এ সময় থানার প্রতিনিধি পরিদর্শক (তদন্ত) মো. আসাদ বলেন, “চোরাচালান ও অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।”
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) ও ৩৪ বিজিবির প্রতিনিধিরা জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. এনামুল হাসান মাদক নির্মূল, সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং উপজেলার বিভিন্ন সমস্যা নিরসনে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। ইউএনও তাঁর বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন, গণমাধ্যম ও স্থানীয় জনগণ সমন্বিতভাবে কাজ করলে জনকল্যাণ নিশ্চিত করা সহজ হবে।
সভা শেষে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়।











