নাইক্ষ্যংছড়িতে গাড়ির চাকার ভেতরে ২০ হাজার ইয়াবা, চালক আটক

নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে একটি পুরোনো জিপ গাড়ি (স্থানীয়ভাবে পরিচিত ‘চাঁন্দের গাড়ি’) থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. জাকারিয়া (২৪) নামে এক চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বিছামারা এলাকায় একটি ইটভাটার সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি পুরোনো জিপ গাড়িতে করে মাদক নিয়ে ছেরারকুল থেকে নাইক্ষ্যংছড়ি বাজারের দিকে আসা হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে বিছামারা এলাকায় ইটভাটার সামনে সড়কে গাড়িটিকে থামানোর সংকেত দেয় পুলিশ।
পরে চালককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে তার পরিচয় জানা যায়। আটক চালক মো. জাকারিয়া (২৪) নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছেরারকুল এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. রফিক এবং মা নাসিমা আক্তার।
এরপর গাড়িটি তল্লাশি করে পেছনে রাখা অতিরিক্ত টায়ারের ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত ইয়াবা ও গাড়িটি জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়। পরে আটক ব্যক্তি ও জব্দকৃত আলামতসহ তাঁকে থানায় নেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের বিস্তার রোধে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি স্থানীয় জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।











