জোরপূর্বক গাছ কেটে ও বসতঘর গুঁড়িয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

আনোয়ারার হাইলধর উত্তর ইছাখালীতে বসতঘর ভেঙে জোরপূর্বক রাস্তা নির্মাণের এবং নির্বিচারে গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
সোমবার (৯ নভেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর ইছাখালী গ্রামের মাস্টার মাহফুজের বাড়ির আব্দুল মালেকের বসতঘরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুল মালেকের অভিযোগ, তাঁর আপন বড়ভাই আব্দুল জব্বার সোমবার ভোরে ২০ থেকে ৩০ জন লোক নিয়ে এসে বসতঘর ভেঙে জোরপূর্বক রাস্তা নির্মাণ করেন এবং নির্বিচারে বেশ কয়েকটি গাছ কেটে ফেলেন। এ সময় তিনি ও তাঁর সন্তানরা বাধা দিলে তাঁদেরও মারধর করা হয় এবং বাপের বাড়িতে বেড়াতে আসা কন্যার ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আবদুল মালেক ও অভিযুক্ত আবদুল জব্বার সম্পর্কে আপন দুই ভাই। পারিবারিক মৌরসি সূত্রে তাঁরা সমান অংশের মালিক হলেও গত প্রায় ২০ দিন আগে অভিযুক্তরা নিজেদের মতো করে জমি বণ্টন করে জোরপূর্বক পাকা দেয়াল তুলে নেন। এর প্রতিবাদ করলে অভিযুক্তরা বাদীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।
এরই ধারাবাহিকতায় গত ১৯ অক্টোবর রাত আনুমানিক সাড়ে আটটার দিকে অভিযুক্তরা যৌথভাবে চলাচলের পথে লোহার গেট স্থাপন করে বাদীর চলাচলে বিঘ্ন ও প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
এ বিষয়ে জানতে সরেজমিনে গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ভুক্তভোগী আব্দুল মালেকের পরিবারের দাবি, হামলাকারীরা সকলে স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। এ সময় তাঁরা ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র ভাঙচুর করেন এবং জমির দলিলপত্রও নিয়ে যান। এ ঘটনায় সোমবার রাতে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে তাঁরা জানান।
এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরা ভুক্তভোগী পরিবারটিকে আইনি সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছেন বলেও জানান তাঁরা।
স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ জানান, দুই পক্ষকে পুলিশের সহায়তা নিয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।










