জলদস্যুদের হামলায় বিকল বোটসহ ২০ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

বঙ্গোপসাগরের কুতুবদিয়া সংলগ্ন এলাকায় জলদস্যুদের হামলায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার বোটসহ ২০ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সুরমা’ নিয়মিত টহল চলাকালীন এই উদ্ধার অভিযান পরিচালনা করে।
নৌবাহিনী সূত্র জানায়, গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে জেলেরা সমুদ্রে মাছ ধরতে যান। গত ২৮ জানুয়ারি ভোরে ১০-১২ জন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র নিয়ে বোটটিতে হামলা চালায়। তারা জেলেদের জিম্মি করে মাছ, ডিজেল ও ব্যক্তিগত মালামাল লুট করে বোটটির ইঞ্জিন বিকল করে দিয়ে পালিয়ে যায়। এতে গত দুই দিন ধরে জেলেরা মাঝসমুদ্রে ভাসছিলেন।
শুক্রবার ভোরে জরুরি টেলিবার্তার মাধ্যমে খবর পেয়ে ‘বানৌজা সুরমা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ২০ জন মাঝিমাল্লাসহ বোটটি উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের নৌবাহিনীর পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়েছে।
দেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠায় নৌবাহিনীর এই নিয়মিত টহল ও উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। উদ্ধারকৃত জেলে ও বোটটিকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।










