চা দিতে দেরি, হাটহাজারীতে বাবার আছাড়ে প্রাণ গেল দুই মাসের শিশু
চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে বাবার আছাড়ে দুই মাস বয়সী এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম মেহেরা। এ ঘটনায় অভিযুক্ত তার পিতা ওসমান গনি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ৯ নম্বর ওয়ার্ডের ইব্রাহীম মেম্বার বাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুটির মামা জাহেদ জানান, সকালে ওসমান গনি তার স্ত্রী সুমাইয়াকে চা দিতে বললে বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওসমান গনি স্ত্রীর কোল থেকে শিশুটিকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় মারেন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








