চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ২৭ জুলাই শুরু হবে।
স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি তৈরি করা হবে। সে অনুযায়ী বোর্ডটির অধীন ৫ জেলায় পরীক্ষা নেওয়া হবে। শিগগির এ সূচি প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে গত ৮ জুলাইয়ের চট্টগ্রাম বোর্ডের অধীন ৫ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়।
পরিস্থিতির অবনতি হওয়ায় পরে ১৬ জুলাই পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর চট্টগ্রাম বোর্ডের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করা হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, নতুন সময়সূচি তৈরি করা হয়েছে। সেটি শিগগির প্রকাশ করা হবে। ২৭ জুলাই ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা নেওয়া হতে পারে।
এদিকে বৈরী আবহাওয়ার মধ্যে গত ১৩ জুলাই দেশের বাকি আটটি শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষা নেওয়া হয়।
অনেকেই এ পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে। যারা পরীক্ষা দিতে চান, তাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া পরে জানানো হবে। এ তিনটি বিষয়ের পরীক্ষা চট্টগ্রাম বোর্ডের জন্য তৈরি করা সূচি অনুযায়ী নেওয়া হবে।








