চট্টগ্রামে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৯৫ হাজার ভোটার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে চট্টগ্রামের ১৬টি আসনে মোট ৯৫ হাজার ২৪৬ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে সর্বোচ্চ নিবন্ধন পড়েছে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে। প্রবাসী বাংলাদেশি এবং নির্বাচনি দায়িত্ব পালনসহ বিশেষ কারণে নিজ এলাকার বাইরে থাকা ভোটাররা এই প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন কমিশনের প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্প সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে প্রথমবারের মতো ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন শুরু হয়ে সোমবার মধ্যরাতে শেষ হয়। সারা দেশ থেকে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন, যার মধ্যে অর্ধেকই প্রবাসী।
প্রক্রিয়া অনুযায়ী, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নিবন্ধিত ভোটাররা ডিজিটাল প্ল্যাটফর্মে পছন্দের প্রার্থীকে ‘টিক’ চিহ্ন দিয়ে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ব্যালট পেপারগুলো আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে হবে; অন্যথায় ভোট গণনা করা হবে না।
চট্টগ্রামের আসনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সাতকানিয়া-লোহাগাড়া নিয়ে গঠিত চট্টগ্রাম-১৫ আসনে রেকর্ড ১৪ হাজার ৩০১ জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া ফটিকছড়িতে ৭ হাজার ৬৮৯ জন, মীরসরাইয়ে ৬ হাজার ৫৮৬ জন এবং বাঁশখালীতে ৬ হাজার ৭৬৩ জন ভোটার ডাকযোগে ভোট দেবেন। শহরের কোতোয়ালী (চট্টগ্রাম-৯) আসনে সর্বনিম্ন ৩ হাজার ৮৩৬ জন ভোটার নিবন্ধন করেছেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিদেশে অবস্থানরত ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসীর পাশাপাশি দেশে অবস্থানরত সরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও এই নিবন্ধন তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। ডিজিটাল পদ্ধতিতে ভোট প্রদানের এই উদ্যোগ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটার অংশগ্রহণ বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।










