চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় শ্যামলী এনআর পরিবহনের যাত্রীবাহী বাস ও সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহত দুজনই পিকআপের আরোহী।
বৃহস্পতিাবর দিনগত রাত সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টেকনাফ উপজেলার ফুলের ডেইল দক্ষিণ হ্নীলা এলাকার আবুল কালামের ছেলে আব্দুল্লাহ (২৭) এবং চকরিয়া উপজেলার(মাতামুহুরি) রামপুর এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন (২৫)।
মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবাহী পিকআপটি (চট্ট মেট্রো-ন-১১-৮৪৫১) নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী শ্যামলী এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-২০৭৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের দুই আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানার এসআই মো. সেলিম মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো: সেলিম মিয়া জানায়, নিহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রেখেছে।








