চকরিয়ায় পুলিশের অভিযানকালে পলায়ন, পরে বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযান চলাকালে পালিয়ে যাওয়া সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ বিল থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় ফুলগাছতলা এলাকা সংলগ্ন বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত সাইফুল ইসলাম ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। নিহতের পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে সাইফুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি মামলা ছিল। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে চকরিয়া থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তারে বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইফুল ঘর থেকে পাশের বিলের দিকে দৌড়ে পালান। দীর্ঘক্ষণ তিনি ঘরে না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে বের হন এবং বিলে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নিহতের স্ত্রী রিনা আকতার অভিযোগ করে বলেন, "পুলিশের হাত থেকে বাঁচতে সাইফুল দৌড়ে পালালেও সেখানে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে ধরে ফেলে। তারা তাকে মারধর ও গলাটিপে হত্যা করে বিলে ফেলে যায়।"
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, সাইফুল একটি মামলার এজাহারনামীয় আসামি ছিলেন। তাকে ধরতে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ অভিযানে গেলেও তাকে পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে আজ মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”







