চকরিয়ায় ২ ডজনের বেশি মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার তৌহিদ গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

চকরিয়ায় ২ ডজনের বেশি মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার তৌহিদ গ্রেপ্তার

চকরিয়ায় ২ ডজনের বেশি মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার তৌহিদ গ্রেপ্তার
ছবি সংগৃহীত।

কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার ও চাঞ্চল্যকর গিয়াস উদ্দিন অপহরণ-পরবর্তী হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদ ডাকাতকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল, লুণ্ঠিত একটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল ও তিনটি সোনালি রঙের ইমিটেশনের চেইনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের (পিপিএম-সেবা) সার্বিক দিকনির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে চকরিয়া থানা, রামু থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ দল এ অভিযান চালায়।

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর রাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি উত্তরপাড়ায় পারভেজ মোশাররফের বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির নেতৃত্ব দেন তৌহিদ। এ ছাড়া একই রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় আলী আকবরের বাড়িতে ডাকাতির মামলারও আসামি তিনি।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মাতামুহুরী সেতুর ওপর গিয়াস উদ্দিনের পথরোধ করা হয়। অভিযোগ রয়েছে, তৌহিদসহ অন্য আসামিরা একটি গাড়ি দিয়ে তাঁর মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ফেলে মারধর করেন। পরে স্টিলের টর্চ দিয়ে মাথায় আঘাত করে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণ করা হয়। পরে তাঁকে হত্যা করে মাতামুহুরী সেতুর ওপর মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী জান্নাতুল নাঈম আফসানা বাদী হয়ে মামলা করেন।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তৌহিদুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবান জেলার বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, অপহরণ, ছিনতাই, চুরি, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ২৫টিরও বেশি মামলা রয়েছে। চকরিয়া থানায় তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানাও মুলতবি ছিল।

পুলিশের দাবি, তৌহিদের অপরাধজগতের সঙ্গে তাঁর পরিবারের কয়েকজন সদস্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাঁর ছোট ভাই জাহেদুল ইসলাম ওরফে জাহেদ ডাকাতের বিরুদ্ধেও অপরাধী চক্রের সঙ্গে জড়িত থাকার তথ্য রয়েছে। তৌহিদের নেতৃত্বে প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত বাহিনী সক্রিয় রয়েছে এবং ডাকাতির অর্থ দিয়ে তিনি সদস্যদের বাড়িঘর ও সম্পদ গড়ে তুলতে উৎসাহিত করতেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া ডাকাতির অর্থে চকরিয়ার কাকারা ইউনিয়নের উত্তর লোটনী এলাকায় তিনতলা বাড়ি এবং বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি নির্মাণের তথ্য পেয়েছে পুলিশ। চকরিয়া, কক্সবাজার সদর ও চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকায় নিজের, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে গড়ে তোলা সম্পদের বিষয়েও অনুসন্ধান চলছে।

চকরিয়া থানার ওসি আরিফুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের এই সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। জননিরাপত্তা বিঘ্নকারী সংঘবদ্ধ ডাকাত দল, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।




চকরিয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের র‍্যালী ও আলোচনা সভা

চকরিয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের র‍্যালী ও আলোচনা সভা
ছবি সংগৃহীত।

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে দশটায় চকরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার।

উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মাদ সাঈদ আল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোন্তাকিম বিল্লাহ। তিনি  শুরুতে স্বাগত বক্তব্য রাখেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, চকরিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল আমিন ও উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী আরিফ হোসেন।

চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুর রহিমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খামারিদের পক্ষে বক্তব্য রাখেন মনির উদ্দিন।

উল্লেখ্য, চকরিয়া উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সমন্বিত আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের কর্মসূচি পালিত হয়।




চকরিয়ায় কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে প্রাণিসম্পদ ঋণ সহায়তা কর্মসূচির উদ্বোধন

চকরিয়ায় কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে প্রাণিসম্পদ ঋণ সহায়তা কর্মসূচির উদ্বোধন
ছবি সংগৃহীত।

কক্সবাজারের চকরিয়ায় কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ ব্যাংক ও প্রাণিসম্পদ ঋণ সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় গরু মোটাতাজাকরণ ও গাভি পালনে খামারিদের ঋণ সহায়তা দেওয়া হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় কর্মসংস্থান ব্যাংকের চকরিয়া শাখা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন শাখা ব্যবস্থাপক আবু সাজ্জাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুস্তাকিম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক সাঙ্গুর চকরিয়া প্রতিনিধি এইচ এম রুহুল কাদের।

ব্যাংকের চকরিয়া শাখার সিনিয়র কর্মকর্তা আলমগীর ফারুকের সঞ্চালনায় ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে চারজন খামারির মধ্যে মোট ৯ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।

বক্তারা বলেন, গরু মোটাতাজাকরণ ও গাভি পালনে সহজ শর্তে ঋণ সহায়তা দেওয়া হলে স্থানীয় পর্যায়ে গবাদিপশু পালন ও খামার ব্যবস্থাপনায় নতুন উদ্যোক্তা তৈরি হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




চকরিয়ায় জমি দখলের চেষ্টা, উত্তেজনার আশঙ্কা

চকরিয়ায় জমি দখলের চেষ্টা, উত্তেজনার আশঙ্কা
ছবি সংগৃহীত।

চকরিয়া শহরের ব্যস্ততম এলাকায় রাতের আঁধারে রেকর্ডীয় জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

ঘটনাটি চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চিরিংগা গার্লস হাইস্কুল সড়কে, নিউ রাজভবনের পেছনের গলিতে।

ভুক্তভোগী তসলিমা ও তাঁর স্বামী ইলিয়াস সওদাগরের দাবি, মায়ের সূত্রে পাওয়া চিরিংগা মৌজার ১৯৮০ নম্বর খতিয়ানের ৩৫৮ ও ৩৫৯ নম্বর দাগে তাঁদের ১৩ কড়া জমি রয়েছে, যার রেকর্ড চূড়ান্তভাবে প্রকাশিত হয়েছে।

অভিযোগ রয়েছে, ওই জমিতে রাতের আঁধারে স্থাপনা নির্মাণের চেষ্টা চালাচ্ছেন একই এলাকার মো. শফি ও তাঁর সহযোগীরা। ভুক্তভোগীর দাবি, নির্মাণে বাধা দিতে গেলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সরেজমিনে বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণের চিত্র দেখা যায়।

ভুক্তভোগী পরিবারের দাবি, জমির কাগজপত্র যাচাই করে অবৈধ দখলচেষ্টা বন্ধ করতে হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এ ঘটনায় তাঁরা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচার কামনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে অভিযুক্তদের পক্ষে কেউ মন্তব্য করেননি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।